সিরাজগঞ্জ, ডিসেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সিরাজগঞ্জের শাহজাদপুর পৌরসভা নির্বাচনে এক মেয়র প্রার্থীর ওপর হামলা হয়েছে।
রোববার সন্ধ্যা সাড়ে পাঁচটার দিকে উপজেলা সদরের মনিরাপুর বাাজরে হামলার শিকার হন হালিমুল হক মীরু।
বর্তমান পৌর মেয়র মীরুর ওপর এই হামলার সঙ্গে আওয়ামী লীগ কর্মী-সমর্থকরা জড়িত বলে অভিযোগ পাওয়া গেছে।
তবে এই ব্যাপারে আওয়ামী লীগের বক্তব্য এখন পর্যন্ত পাওয়া যায়নি।
মীরুকে মহাজোট সমর্থন দিয়েছে- সংবাদপত্রে প্রকাশিত এ খবর জেনে বিক্ষুব্ধ আওয়ামী লীগ নেতাকর্মীরা দুপুরে বগুড়া-নগরবাড়ি মহাসড়ক অবরোধ করে।
তারা প্রায় দেড় ঘণ্টা মহাসড়কে বিক্ষোভ করে। এতে সড়কের দুই পাশে কয়েকশ' যানবাহন আটকা পড়ে বলে স্থানীয়রা জানায়।
শাহজাদপুর থানার ওসি মতিউর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হামলায় মীরুর বাম চোখের উপরে জখম হয়েছে। এ ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
ওসি আরো জানান, দুপুর ১টা থেকে আড়াইটা পর্যন্ত মহাসড়কের দিলরুবা বাস টার্মিনালের সামনে বিক্ষোভ করে আওয়ামী লীগের নেতাকর্মীরা।
পরে স্থানীয় সংসদ সদস্য চয়ন ইসলাম ও মেয়র প্রার্থী আব্দুর রহিম ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।
আগেই মেয়র পদে আব্দুর রহিমকে সমর্থন দিয়েছে স্থানীয় আওয়ামী লীগ।
বরগুনায় সংঘর্ষে আহত ১
বরগুনা প্রতিনিধি জানান, পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে রোববার দুপুরে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থকদের মধ্যে সংঘর্ষে অন্তত একজন আহত হয়েছে।
আহত জসিম উদ্দিন (২৩) বরগুনা শহরের কাঠপট্টি সড়কের নিজাম উদ্দিনের ছেলে। তিনি আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী সাহাদাত হোসেনের সমর্থক।
বরগুনা সদর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সিরাজুল ইসলাম সাংবাদিকদের জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এখনো দু'পক্ষের মধ্যে উত্তেজনা চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯১৩ ঘ.
bdnews24