২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাকা চৌধুরীর ফাঁসি হওয়া উচিত: মহিউদ্দিন

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি করপোরেশনের সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী বলেছেন, সালাউদ্দিন কাদের চৌধুরী একজন চিহ্নিত যুদ্ধাপরাধী। এ অপরাধে তার ফাঁসি হওয়া উচিত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Dec 2010, 01:23 PM

Updated : 25 Aug 2022, 07:49 PM

চট্টগ্রাম, ডিসেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি করপোরেশনের সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী বলেছেন, সালাউদ্দিন কাদের চৌধুরী একজন চিহ্নিত যুদ্ধাপরাধী। এ অপরাধে তার ফাঁসি হওয়া উচিত। গ্রেপ্তার করা হলে চট্টগ্রাম অচল করে দেওয়া হবে বলে সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর হুমকি'র প্রেক্ষিতে মহিউদ্দিন চৌধুরী বলেন, "অনেক বড় বড় বুলি আওড়েছিলেন। এখন গ্রেপ্তার করা হয়েছে কিন্তু একটি পোকাও মরেনি।" সাকা চৌধুরী গ্রেপ্তার হওয়ায় বিএনপির ডাকা হরতালের প্রতিবাদে রোববার বিকালে চট্টগ্রাম নগরীর পুরাতন রেল স্টেশন চত্বরে আয়োজিত মহানগর আওয়ামী লীগের সমাবেশে সভাপতির বক্তব্যে মহিউদ্দিন চৌধুরী এ কথা বলেন। তিনি বলেন, "বিএনপি রাজনীতির নামে দেশকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়ার চক্রান্তে লিপ্ত। একাত্তরের ঘাতক যুদ্ধাপরাধীদের বিচারে কোন আপোষ নেই। বিএনপি যুদ্ধাপরাধীর গ্রেপ্তারের প্রতিবাদে হরতাল ডেকে তাদের অবস্থান পরিষ্কার করেছে এবং বিচার নিয়ে নানামুখী ষড়যন্ত্র করছে। যুদ্ধাপরাধীর পক্ষ নিয়ে চট্টগ্রামে হরতাল ডাকায় বিএনপি'র সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরীকে উদ্দেশ্য করে মহিউদ্দীন বলেন, "দেশকে অস্থিতিশীলতার দিকে নিয়ে যাওয়ার অপরাধে আপনার বিরুদ্ধে মামলা হওয়া উচিত।" সাকা চৌধুরীসহ সকল যুদ্ধাপরাধীর বিচার দ্রুত করার জন্য তিনি সরকারের প্রতি আহ্বান জানান। সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাবেক গণপরিষদ সদস্য ও আওয়ামী লীগ নেতা ইসহাক মিয়া, মহানগর কমিটির সাধারণ সম্পাদক কাজী ইনামুল হক দানু, সহ-সভাপতি অ্যাডভোকেট সুনীল সরকার, চট্টগ্রাম মহানগর পিপি কামাল উদ্দিন, আইন বিষয়ক সম্পাদক ইফতেখার সাইমুল চৌধুরী, মহানগর ছাত্রলীগের সভাপতি এম আর আজিম। সমাবেশ শেষে সাকা চৌধুরীর বিচার দাবিতে একটি মিছিল নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আন্দরকিল্লায় গিয়ে শেষ হয়। হরতাল চলাকালে নগর আওয়ামী লীগে মহিউদ্দিন চৌধুরীর বিরোধী বলে পরিচিত সাংসদ নুরুল ইসলাম বিএসসি'র অনুসারীরা হরতালবিরোধী মিছিল সমাবেশ করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/কেএমএস/১৯১৫ ঘ.