চট্টগ্রাম, ডিসেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একজন 'যুদ্ধাপরাধীর' গ্রেপ্তারের প্রতিবাদে স্বাধীন বাংলাদেশে হরতাল ডাকাকে 'অস্বাভাবিক' বলে অভিহিত করেছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আফসারুল আমীন।
তিনি বলেন, এটা মেনে নেওয়া যায় না।
শুক্রবার বিকালে নগরীর বহদ্দারহাট মোড়ে বহদ্দারহাট জংশন ফ্লাইওভারের সরেজমিন নির্মাণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
চলতি বছরের ২ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা একই স্থানে চট্টগ্রামে নির্মিতব্য পাঁচটি ফ্লাইওভারের ভিত্তিপ্রস্থর স্থাপন করেন।
সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর গ্রেপ্তারের প্রতিবাদে চট্টগ্রাম বিএনপি রোববার বন্দরনগরীতে পূর্ণ দিবস হরতাল ডেকেছে।
যুদ্ধাপরাধে জড়িত থাকার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গ্রেপ্তারের আবেদন জানানোর ২৪ ঘণ্টার মধ্যে বৃহস্পতিবার ভোররাতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদেরকে ঢাকায় গ্রেপ্তার করা হয়।
গাড়ি পোড়ানো ও মানুষ হত্যার একটি মামলায় তাকে জিজ্ঞাসাবাদের জন্য ইতোমধ্যে হেফাজতে নিয়েছে গোয়েন্দা পুলিশ।
রোববারের এই হরতাল প্রসঙ্গে সালাউদ্দিন কাদের চৌধুরী ও নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরীকে ইঙ্গিত করে আফসারুল আমীন বলেন, "চট্টগ্রামে একজন রাজাকারের সন্তানের জন্য শান্তি কমিটির প্রধানের ছেলে হরতাল ডেকেছেন।"
এই হরতাল প্রতিহত করতে দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বানও জানান তিনি।
চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান আবদুচ ছালামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনার আবুল কাশেম, সিডিএ'র পরিচালনা পরিষদের তিন সদস্য মাহতাব উদ্দিন চৌধুরী, ইউনুস গণি চৌধুরী ও মফিজুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন সিডিএ'র প্রধান প্রকৌশলী ইকবাল হোসেন মজুমদার।
২০১২ সালের মধ্যে ফ্লাইওভারটির নির্মাণ কাজ শেষ হবে বলে আশা প্রকাশ করেন সিডিএ চেয়ারম্যান আবদুচ ছালাম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে পরিবেশ ও বন প্রতিমন্ত্রী হাছান মাহমুদ, সাংসদ এ বি এম ফজলে করিম চৌধুরী ও সাংসদ নুরুল ইসলাম বিএসসির উপস্থিত থাকার কথা থাকলেও তারা অনুপস্থিত ছিলেন।
তৃতীয় কর্ণফুলী সেতু সংযোগ সড়কের এক কিলোমিটার এলাকা থেকে বহদ্দারহাট ইকবাল বোর্ডিং পর্যন্ত ১ দশমিক চার কিলোমিটার দীর্ঘ বহদ্দারহাট জংশন ফ্লাইওভারটি নির্মাণে মোট ১০৬ কোটি ১৭ লাখ টাকা ব্যয় হবে।
সিডিএ'র নিজস্ব অর্থায়নে এ ফ্লাইওভার নির্মাণ করা হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/এমসি/এইচএ/২১২৬ ঘ.
bdnews24