২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে বিএনপিনেতাসহ গ্রেপ্তার ৮

নাশকতার পরিকল্পনার অভিযোগে চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকা থেকে বিএনপি নেতা নাজিমুর রহমানসহ আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Dec 2010, 03:08 PM

Updated : 25 Aug 2022, 07:49 PM

চট্টগ্রাম, ডিসেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নাশকতার পরিকল্পনার অভিযোগে চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকা থেকে বিএনপি নেতা নাজিমুর রহমানসহ আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার ডবলমুরিং থানাধীন সিজিএস কলোনি ও কোতয়ালী থানা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) ডবলমুরিং জোনের সহকারী কমিশনার এস এম তানভীর আরাফাত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান। তিনি বলেন, সিজিএস কলোনি এলাকায় নাজিমুর রহমানের বাসায় বসে নাশকতার পরিকল্পনা করা হচ্ছে- এমন সংবাদের ভিত্তিতে বিকাল ৩টার দিকে সেখানে পুলিশ অভিযান চালায়। পাঁচ সহযোগীসহ গ্রেপ্তার করা হয় নাজিমুরকে। তিনি মহানগর বিএনপি'র সাবেক সদস্য এবং ছাত্রদল চট্টগ্রাম মহানগরের সাবেক সভাপতি। নাজিমুর বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীর ঘনিষ্ঠ বলে পরিচিত। বৃহস্পতিবার ভোররাতে রাজধানীর বনানী থেকে গ্রেপ্তার করা হয় সংসদ সদস্য সালাউদ্দিন কাদেরকে। গত ২৬ জুন বিএনপির হরতালের আগের রাতে রাজধানীর মগবাজারে গাড়িতে আগুন লাগানোর এবং মানুষ হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে। তাকে গ্রেপ্তারের প্রতিবাদের চট্টগ্রাম বিএনপি রোববার সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে। পুলিশ জানিয়েছে বিএনপি নেতা নাজিমুরের সঙ্গে গ্রেপ্তার করা পাঁচজন হলেন- ইব্রাহীম মিয়া (২৫), কাউছার আলম (২৬), রবিউল হোসেন (২৮), লতিফুল ইসলাম (৩০) ও কাইয়ুম হোসেন রিপন (৩১)। নাশকতা সৃষ্টির প্রচেষ্টার অভিযোগে নগরীর কোতয়ালি থানাধীন সিআরবি এলাকা থেকে রাশেদ ও ওমর আনছারী নামে দুজনকে গ্রেপ্তার করা হয় বলে জানান সিএমপি'র উপ-কমিশনার (উত্তর) আমেনা বেগম। এর মধ্যে রাশেদ বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর মালিকানাধীন কিউ সি শিপিংয়ের কর্মকর্তা। পুলিশ কর্মকর্তা জানান, গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমএসবি/২০৫৯ ঘ.