২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আদালত এলাকায় বিক্ষোভ, সংঘর্ষ

সালাউদ্দিন কাদের চৌধুরীর রিমান্ডের আদেশ হওয়ার পরপরই পুরান ঢাকার আদালত এলাকায় বিএনপি সমর্থক আইনজীবীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Dec 2010, 10:11 AM

Updated : 25 Aug 2022, 07:48 PM

ঢাকা, ডিসেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সালাউদ্দিন কাদের চৌধুরীর রিমান্ডের আদেশ হওয়ার পরপরই পুরান ঢাকার আদালত এলাকায় বিএনপি সমর্থক আইনজীবীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। মগবাজারের গাড়ি পোড়ানো ও ফারুক হোসেন হত্যামামলায় বিএনপি নেতাকে জিজ্ঞাসাবাদের জন্য বৃহস্পতিবার বিকালে পুলিশি হেফাজতের আদেশ দেন ঢাকার মহানগর হাকিম মোহাম্মদ নজরুল ইসলাম। আদেশের পর বিকাল সাড়ে ৩টার দিকে সালাউদ্দিনকে আদালত থেকে কোর্ট হাজতে নেওয়ার সময় বিএনপি সমর্থক আইনজীবীরা বিক্ষোভ শুরু করে। ওই সময় পুলিশ বাধা দিলে সংঘর্ষ বেঁধে যায়। প্রায় ১৫ মিনিট ধরে চলা দুই পক্ষে ধস্তাধস্তির এক পর্যায়ে পুলিশ বিএনপির সংসদ সদস্য শাম্মী আক্তারসহ তিনজনকে আটক করে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন বিএনপি সমর্থক আইনজীবী শামীমা আক্তার। তবে এ বিষয়ে তাৎক্ষণিকভাবে পুলিশের কোনো বক্তব্য পাওয়া যায়নি। সালাউদ্দিন কাদের চৌধুরী কোর্ট হাজতের ভেতরে রয়েছেন। বাইরে জড়ো হয়ে আছেন বিএনপির সমর্থকরা। অন্যদিকে যুদ্ধাপরাধের জন্য সালাউদ্দিনের বিচার দাবিতে আদালত প্রাঙ্গণের বাইরে সড়কে মিছিল করছে সরকার সমর্থক ছাত্রলীগ। যুদ্ধাপরাধের অভিযোগে আটকের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আবেদনের ২৪ ঘণ্টার মধ্যে মুক্তিযুদ্ধে বিজয়ের বার্ষিকীতে বৃহস্পতিবার ভোররাতে বনানীর একটি বাড়িতে গ্রেপ্তার হন সংসদ সদস্য সালাউদ্দিন কাদের। গ্রেপ্তারের পর প্রথমে কাফরুল থানায় এবং পরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হয়ে রাজধানীর মিন্টো রোডে গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান কার্যালয়ে রাখা হয় সালাউদ্দিনকে। সেখান থেকে দুপুর আড়াইটার দিকে র‌্যাব ও পুলিশের প্রহরায় তাকে নেওয়া হয় পুরান ঢাকার আদালত পাড়ায়। কাঠগড়ায় দাঁড়িয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন বলেন, গ্রেপ্তারের পর তার ওপর নির্যাতন চালানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এসআইএম/কেটি/এমআই/১৬১২ ঘ.