২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'যুদ্ধাপরাধের বিচার প্রশ্নবিদ্ধ করছে আওয়ামী লীগই'

একাত্তরের যুদ্ধাপরাধের বিচারের বিষয়ে বিএনপিকে জড়িয়ে বক্তব্য দিয়ে আওয়ামী লীগই এ বিচার প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করছে বলে দাবি করেছেন সাদেক হোসেন খোকা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Dec 2010, 06:12 AM

Updated : 25 Aug 2022, 07:48 PM

ঢাকা, ডিসেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একাত্তরের যুদ্ধাপরাধের বিচারের বিষয়ে বিএনপিকে জড়িয়ে বক্তব্য দিয়ে আওয়ামী লীগই এ বিচার প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করছে বলে দাবি করেছেন সাদেক হোসেন খোকা। আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের বক্তব্যের জবাবে বিএনপির এ সহসভাপতি মঙ্গলবার বলেন, "যুদ্ধাপরাধীদের বিচার প্রশ্নবিদ্ধ করতে আওয়ামী লীগ বিএনপির বিরুদ্ধে অভিযোগ তুলেছে।" সকালে রায়ের বাজার বধ্যভূমিতে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ঢাকার মেয়র সাদেক হোসেন আরো বলেন, 'যৌক্তিক' কারণেই ওলামা পরিষদের হরতালে সমর্থন দিয়েছে তার দল। নতুন শিক্ষানীতিতে ধর্মীয় শিক্ষার সুযোগ কমানো হয়েছে দাবি করে ২৬ ডিসেম্বর সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপি ও জামায়াতে ইসলামী সমর্থিত সম্মিলিত ওলামা-মাশায়েখ পরিষদ। হরতালে বিএনপি সমর্থন দেওয়ায় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আশরাফ সকালে রায়েব বাজার বধ্যভূমি স্মৃতিসৌধে সাংবাদিকদের বলেন, একাত্তরের যুদ্ধাপরাধীদের বিচার ঠেকাতেই ২৬ ডিসেম্বর হরতাল ডাকা হয়েছে। আর তাতে সমর্থন দিয়ে বিএনপি যুদ্ধাপরাধীদের রক্ষা করতে চাইছে। সাদেক হোসেন বলেন, যুদ্ধাপরাধীদের বিচার বাধাগ্রস্ত করতে বিএনপি হরতালে সর্মথন দেয়নি। সম্মিলিত ওলামা পরিষদ যেসব কারণে হরতাল দিয়েছে তার যুক্তিযুক্ত বলে বিএনপি মনে করছে। যুদ্ধাপরাধের বিচার বিএনপিও চায় জানিয়ে তিনি বলেন, "কোনো দলীয় দৃষ্টিকোণ থেকে বিচার হলে হবে না। বিচার হতে হবে অপরাধ বিবেচনায়।" মুক্তিযোদ্ধা কাদের সিদ্দিকীর এক বক্তব্যের সূত্র ধরে বিএনপির সহসভাপতি বলেন, "কাদের সিদ্দিকী বলেছিলেন মহাজোট সরকারের মন্ত্রিসভায়ও যুদ্ধাপরাধী রয়েছে। আমরা চাই, ওই যুদ্ধাপরাধীদেরও খুঁজে বের করে বিচারের আওতায় আনা হোক।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/এমআই/১২১১ ঘ.