ঢাকা, ডিসেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আসন্ন পৌর নির্বাচনে দলীয়ভাবে প্রার্থী মনোনয়ন দিচ্ছে না প্রধান বিরোধী দল বিএনপি।
সোমবার সকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের এই অবস্থানের কথা জানান।
তবে দলীয়ভাবে প্রার্থী না দিলেও বিএনপি ও জোটের নেতা-কর্মীদের পৌর নির্বাচনে অংশ নিতে কোনো বাধা নেই বলেও জানান তিনি।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, "আমরা পৌর নির্বাচনে দলীয়ভাবে প্রার্থী মনোনয়ন দিচ্ছি না। তবে দল ও জোটের যে কেউ ওই নির্বাচনে অংশ নিতে পারবেন।''
এজন্য দলের একটি পর্যবেক্ষণ সেলও কাজ করবে বলে জানান তিনি।
এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, "যুদ্ধাপরাধীর বিচার নিয়ে আওয়ামী লীগ টানবাহানা করছে। আমরা যুদ্ধাপরাধীর বিচারের বিরুদ্ধে নই। তবে অবশ্যই ওই বিচার আন্তর্জাতিক মানসম্পন্ন ও স্বচ্ছ হতে হবে।''
যুদ্ধাপরাধীর বিচার বাধাগ্রস্থ করতে ২৬ ডিসেম্বর ওলামা-মাশায়েখদের ডাকা হরতালে বিএনপি সমর্থন দিয়েছে বলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম যে বক্তব্য দিয়েছেন তার জবাবে মির্জা ফখরুল বলেন, "সৈয়দ আশরাফ সাহেবের এই অভিযোগ মিথ্যা ও বানোয়াট।"
মির্জা ফখরুল বলেন, "আমরা যুদ্ধাপরাধীর বিচার চাই। বরং আওয়ামী লীগই ওই বিচারকে বিলম্বিত করছে বলে তাদের দল থেকে কথা উঠেছে। একপক্ষ বলছে, বিচার বিলম্বিত হচ্ছে। অন্য পক্ষ বলছে- এটি দীর্ঘ প্রক্রিয়া। সরকারই যুদ্ধাপরাধীর বিচার নিয়ে টানবাহানা করছে। সরকারি দলসহ সর্বত্র যথেষ্ট সন্দেহ সৃষ্টি হয়েছে, সরকার তার মেয়াদে যুদ্ধাপরাধী বিচার করতে চায় কিনা।"
এর আগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান সিনিয়র যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাস এর নবগঠিত কমিটির সভাপতি এম এ মালেক ও সাধারণ সম্পাদক মুনির হোসেন, সিনিয়র সহসভাপতি আশরাফউদ্দিন আহমেদ উজ্জ্বলসহ কমিটির নেতা-কর্মীদের নিয়ে শেরে বাংলা নগরে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে পুস্পমাল্য অর্পণ করেন।
এ সময় বিএনপির যুগ্ম মহাসচিব রহুল কবির রিজভী, জাসাসের সহসভাপতি মুন্সি ওয়াদুদ. ইমতিয়াজ হোসেন চপল, আকবর আমিন বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক ফয়েজ উল্লাহ ফয়েজ, সালাউদ্দিন ভূঁইয়া শিশির, জাহাঙ্গীর সিকদার, শামসুদ্দিন দিদার, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শাহনাজ পারভিন লিপি, প্রচার সম্পাদক জাকির হোসেন রোকন উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/কেএমএস/১৩৩৯ ঘ.
bdnews24