২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতের সঙ্গে ঋণ চুক্তি 'আত্মহত্যার' শামিল: মওদুদ

ভারতের এক্সিম ব্যাংকের সঙ্গে সরকারের ঋণ চুক্তিকে 'আত্মহত্যার' শামিল বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা মওদুদ আহমদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Dec 2010, 01:33 PM

Updated : 25 Aug 2022, 07:47 PM

ঢাকা, ডিসেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারতের এক্সিম ব্যাংকের সঙ্গে সরকারের ঋণ চুক্তিকে 'আত্মহত্যার' শামিল বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা মওদুদ আহমদ। রোববার দুপুরে মতিঝিলের নিজ কার্যালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। ভারতের অর্থমন্ত্রী প্রণব মুখার্জির ঢাকা সফরের সময় গত ৭ অগাস্ট ভারতের এক্সিম ব্যাংকের সঙ্গে ১০০ কোটি ডলারের ঋণ চুক্তি সই হয়। মওদুদ বলেন, ''ভারতের এক্সিম ব্যাংকের সঙ্গে ঋণ চুক্তি শুধু আত্মঘাতীই নয়, অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে এর শর্তগুলো মেনে নেওয়া হলে তা হবে আত্মহত্যার শামিল।" ঋণ চুক্তিটি বাতিলের দাবি জানিয়ে এ সময় তিনি এর শর্তগুলো তুলে ধরেন। বিএনপি স্থায়ী কমিটির এই সদস্য দাবি করেন, একশ কোটি ডলার ঋণের বিপরীতে প্রতি বছর এক দশমিক ৭৫ শতাংশ হারে সুদ ও দশমিক ৫০ শতাংশ হারে কমিটমেন্ট ফি দিতে হবে। সাবেক এই আইনমন্ত্রী আরো বলেন, ''ওই ঋণের আওতায় যাবতীয় কার্যক্রমের প্রতিটি ক্ষেত্রে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন লাগবে। "চুক্তি বাস্তবায়নে ৮৫ শতাংশ পণ্য সরাসরি ভারত থেকে কিনতে হবে। বাকি ১৫ শতাংশ বাংলাদেশের ভারতীয় ঠিকাদারের পরামর্শে কিনতে হবে।" এই চুক্তিকে সম্পূর্ণ জাতীয় 'স্বার্থবিরোধী' আখ্যায়িত করে তিনি বলেন, ঋণ চুক্তিটির লিখিত শর্তের বাইরেও কিছু শর্ত রয়েছে। এক্সিম ব্যাংকের অর্থ এখনো ছাড় দেওয়া শুরু হয়নি। তাই চুক্তিটি এখনই বাতিল করা হোক। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/জেবি/এইচএ/১৯২৩ ঘ.