২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যেভাবে চাইছি, সেভাবেই কাজ করছি: ছহুল

পৌরসভা নির্বাচন অনুষ্ঠানে সরকার কোনো ধরনের হস্তক্ষেপ করছে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Dec 2010, 11:15 AM

Updated : 25 Aug 2022, 07:47 PM

চট্টগ্রাম, ডিসেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পৌরসভা নির্বাচন অনুষ্ঠানে সরকার কোনো ধরনের হস্তক্ষেপ করছে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন। সব পৌরসভায় নির্বাচনের সময় সেনা মোতায়েন না করার সিদ্ধান্তে বিএনপির সমালোচনা পরই একথা বললেন ছহুল। বিএনপির অভিযোগ, সরকারের চাওয়া মেনে সব পৌরসভায় সেনা মোতায়েন না করার সিদ্ধান্ত নিয়েছে ইসি। শনিবার চট্টগ্রামে সরকারি ডাক বাংলোয় পৌর নির্বাচন নিয়ে এক মতবিনিময় সভায় ছহুল বলেন, "আমরা যেভাবে চাইছি সেভাবে কাজ করছি। সরকার আমাদের সার্বিক সহযোগিতা করছে। কোনোভাবেই নির্বাচন কমিশনকে প্রভাবিত করছে না।" চট্টগ্রাম অঞ্চলের রিটার্নিং কর্মকর্তা, নির্বাচন কর্মকর্তা ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ওই সভায় অংশ নেয়। নির্বাচন সংশ্লিষ্টদের নিরপেক্ষ থাকার আহ্বান জানিয়ে ছহুল বলেন, "এগুলো ছোটখাট নির্বাচন, এতে সরকার পরিবর্তন হবে না। আপনারা নিরপেক্ষ থাকলে সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠান সম্ভব হবে।" পৌরসভা নির্বাচনে সীমিত আকারে সেনা মোতায়েনের প্রসঙ্গ তুলে ছহুল হোসাইন বলেন, "আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্র্ধ্বতন কর্মকর্তারা অলোচনা করে নির্ধারণ করবেন কোন কোন স্থানে সেনা মোতায়েন হবে।" আগামী ১২ থেকে ১৮ জানুয়ারির মধ্যে দেশের ২৬২টি পৌরসভায় নির্বাচন হবে। চট্টগ্রাম বিভাগের ১৯টি পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হবে ১৮ জানুয়ারি। আইন-শৃঙ্খলা ও নির্বাচন সংক্রান্ত বিষয়ে চট্টগ্রাম অঞ্চলের সব রিটার্নিং অফিসার ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে আয়োজিত সভায় বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মোহাম্মদ সিরাজুল হক খান ও চট্টগ্রাম অঞ্চলের উপ- মহাপুলিশ পরিদর্শক মোহাম্মদ নওশের আলী খান। অন্যান্যের মধ্যে ছিলেন চট্টগ্রাম, কক্সবাজার, রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানের জেলা প্রশাসক এবং র‌্যাব-৭ এর পরিচালক লেফটেনেন্ট কর্নেল সাজ্জাদ। সভায় ছহুল হোসাইন নির্বাচনী কর্মকর্তাদের সঙ্গে নির্বাচনী আইন নিয়ে আলোচনা করেন এবং তাদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/এমসি/এজে/এমআই/১৭১৬ ঘ.