চট্টগ্রাম, ডিসেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মিছিল বের করার চেষ্টা কালে চট্টগ্রাম মহানগরীতে জামায়াতে ইসলামী ও ছাত্র শিবিরের ১১ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
তবে ঘটনাস্থলে মহানগর আমীর ও সাংসদ শামসুল ইসলাম উপস্থিত থাকলেও তাকে গ্রেপ্তার করা হয়নি।
এসময় নেতাকর্মীদের নিয়ে আসা একটি মাইক্রোবাসও আটক করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন- জামায়াতে ইসলামীর সহযোগী সংগঠন শ্রমিক কল্যাণ ফেডারেশনের মহানগরের সাধারণ সম্পাদক আবু তাহের খান (৬৫), রমজান আলী (৭০), সৈয়দ চঞ্চল আহমেদ (৩৮), লুৎফর রহমান (২৯), ফারুক আজম (৪৮), জসিম উদ্দিন (২৫), আবদুল কাদের (৫৫), মোহাম্মদ ইউনূস (৪৮), সিদ্দিকুর রহমান (৫০), ছাবের আহমেদ (৩৫) ও ইউসুফ এ হারুণ (৫৩)।
মঙ্গলবার দুপুর দেড়টার দিকে জেলা পরিষদ মার্কেট চত্বর থেকে মিছিল বের করতে চাইলে ১১ জনকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন কোতোয়ালি থানার উপপরির্দশক (এসআই) নেজাম উদ্দিন। জামায়াতে ইসলামীর কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রাম জেলা প্রশাসককে স্মারকলিপি দিতে যাচ্ছিল তারা।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "পুলিশের কাজে বাধা এবং অনুমতি ছাড়া মিছিল করার চেষ্টা করায় তাদের গ্রেপ্তার করা হয়েছে।"
গ্রেপ্তার জামায়াতকর্মী লুৎফুর রহমান থানা হাজতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ শেষে জেলা প্রশাসক কার্যালয়ে যাওয়ার সময় পুলিশ গাড়ি থেকে নামিয়ে আমাদের ধরে থানায় নিয়ে আসে।"
কোতয়ালী থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, জামায়াতে ইসলামীর কর্মীরা সকালে সিরাজদ্দৌল্লা সড়কের দলীয় কার্যালয়ের সামনে সমবেত হয়। এসময় পুলিশ তাদের মিছিল করতে নিষেধ করে।
তিনি জানান, তা সত্ত্বেও তারা দু'টি মাইক্রোবাস যোগে জেলা পরিষদ মার্কেট চত্বরে এসে মিছিল করার চেষ্টা চালায়।
পুলিশের এ অভিযোগ অস্বীকার করে সাংসদ ও মহানগর আমীর শামসুল ইসলাম বলেন, সারাদেশে কর্মসূচির অংশ হিসেবে আমরা জেলা প্রশাসক কার্যালয়ে স্মারকলিপি দিতে গিয়েছিলাম। তবে কোনো মিছিল বা শ্লোগান দিয়ে নয়।
সম্পূর্ণ বিনা উস্কানিতেই পুলিশ অন্যায়ভাবে দলের নেতাকর্মীদের গ্রেপ্তার করে বলে তিনি দাবি করেন। পুলিশের অন্যায় আচরণের প্রতিবাদ জানিয়ে নির্দোষ নেতাকর্মীদের মুক্তির দাবি জানান শামসুল ইসলাম ।
এই ঘটনায় পুলিশ মামলা করছে বলে ওসি জানিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/সিএম/এমআই/এমইউএস/পিডি/২০৩৪ ঘ.
bdnews24