ঢাকা, ডিসেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আলাদা দুটি মামলায় জামিন পেয়েছেন সালাউদ্দিন কাদের চৌধুরী এবং বিএনপির সহযোগী তিন সংগঠনের তিন জন সভাপতি।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদেরকে গাড়ি ভাংচুরের এক মামলায় ছয় মাসের আগাম জামিন দিয়েছে হাইকোর্ট।
পাশাপাশি এ মামলায় তাকে কেন স্থায়ী জামিন দেওয়া হবে না, তার কারণ জানাতে সরকারকে নির্দেশ দেওয়া হয়েছে।
রোববার বিচারপতি শামিম হাসনাইন ও বিচারপতি মো. রেজাউল হাসানের বেঞ্চ সালাউদ্দিন কাদেরের আবেদনে জামিনের এ আদেশ দেয়।
গত ৭ নভেম্বর চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় গাড়ি ভাংচুরের ঘটনায় সালাউদ্দিন কাদেরের বিরুদ্ধে মামলা হয়।
এছাড়া প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের বাসভবনে বোমা বিস্ফোরণের ঘটনায় দায়ের মামলায় যুবদল সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, ছাত্রদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু এবং স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিবুননবী খান সোহেলকে ছয় মাসের আগাম জামিন দিয়েছে হাইকোর্টের অপর একটি বেঞ্চ।
এ মামলায় তাদের কেন স্থায়ী জামিন দেওয়া হবে না, তার কারণ জানাতে সরকারকে নির্দেশ দেওয়া হয়েছে।
তিন নেতার এক আবেদনে বিচারপতি সৈয়দ মো. জিয়াউল করিম ও বিচারপতি এএনএম বশিরউল্লাহর বেঞ্চ এ আদেশ দেয়।
দুই আবেদনের ওপর শুনানি করেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/এমআই/১৬৫৫ ঘ.
bdnews24