২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শনিবারও আসবাব সরিয়েছেন খালেদা

শহীদ মইনুল সড়কের ৬ নং বাড়ি থেকে আগের দিনের মতো শনিবারও আসবাবপত্র ও মালামাল সরিয়ে নিয়েছেন খালেদা জিয়া। রোববারও তা অব্যাহত থাকবে। শনিবার সন্ধ্যায় খালেদার এক কৌঁসুলি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Dec 2010, 01:03 PM

Updated : 25 Aug 2022, 07:44 PM

ঢাকা, ডিসেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শহীদ মইনুল সড়কের ৬ নং বাড়ি থেকে আগের দিনের মতো শনিবারও আসবাবপত্র ও মালামাল সরিয়ে নিয়েছেন খালেদা জিয়া। রোববারও তা অব্যাহত থাকবে। শনিবার সন্ধ্যায় খালেদার এক কৌঁসুলি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান। তিনি বলেন, আরও মালামাল রয়ে গেছে। রোববারও সরানো কাজ অব্যাহত থাকবেন। এদিকে শুক্রবার প্রথম দিন ১২ নং বাড়িধারা ৩০ নং বাড়ির যে বাসায় মালামাল উঠানো হয়েছিলো, শনিবার তা সরিয়ে তারেক রহমানের শ্বশুড়ের বাসায় উঠানো হয়েছে। খালেদা জিয়ার একজন ব্যক্তিগত সহকারি নাম প্রকাশ না করার শর্তে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বেগম জিয়ার নির্দেশে ওই বাড়ি ওয়ার্ড কমিশনার কাউয়ুমের বাসা থেকে মালামাল সরিয়ে তারেক রহমান শ্বশুড়ের বাসায় নিয়ে রাখা হয়েছে।'' শনিবার সন্ধ্যায় সর্বশেষ কাভার্ড ভ্যানটি বারিধারা সাঈদ এস্কান্দরের বাসার উদ্দেশ্যে রওনা হয় সন্ধ্যা ৬টার দিকে। এদিকে খালেদা জিয়ার ভাই সাঈদ এস্কান্দর ও শামীম এস্কান্দরের স্ত্রীর তত্ত্বাবধায়নে সকাল সাড়ে ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ৫টি কাভার্ড ভ্যানে ওই বাড়ির থেকে বিভিন্ন আসবাবপত্র ও মালামাল সরিয়ে বারিধারায় সাঈদ এস্কান্দরের বাসায়, গুলশানের শামীম এস্কান্দরের বাসায় এবং তারেক রহমানের শ্বশুড় বাড়িতে স্থানান্তর করা হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপি চেয়ারপারসনের ওই কৌঁসুলি বলেন, বারিধারার নতুন একটি বাড়িতে যেসব মালামাল উঠানো হয়েছিলো, তা তারেক রহমানের নির্দেশে শনিবার তার ধানমন্ডি ও ডিওএইচএস শ্বশুরবাড়িতে তোলা হয়েছে। ৩৮ বছর পর মইনুল সড়কের বাড়ি ছেড়ে এখন গুলশানে ভাই শামীমের বাড়িতে থাকছেন খালেদা। মইনুল সড়কের বাড়ি থেকে শুক্রবার একটি পাজেরো জিপসহ পাঁচটি গাড়ি সরিয়ে গুলশানে ভাই এবং ধানমণ্ডিতে ছেলের শ্বশুরবাড়িতে নেওয়া হয়। গত ১৩ নভেম্বর খালেদার ওই বাড়ির দখল বুঝে নেয় সেনানিবাস বোর্ড। হাইকোর্টের দেওয়া সময়সীমা অতিক্রান্ত হওয়ার পর সেদিনই বাড়ি ছাড়তে হয় খালেদাকে। খালেদা বর্তমানে গুলশানে তার ছোট ভাই শামীম এস্কান্দারের বাসায় থাকছেন। আইনি লড়াইয়ে হারার কারণে ৩৮ বছর পর সেনানিবাসের ওই বাড়ি ছাড়েন প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্ত্রী খালেদা। বিএনপি চেয়ারপারসনের অভিযোগ, ১৩ নভেম্বর তাকে জোর করে বের করে দেওয়া হয়। তবে সামরিক বাহিনী বলেছে, আইনের প্রতি শ্রদ্ধা দেখিয়ে স্বেচ্ছায় বাড়ি ছাড়েন খালেদা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১৮৫১ ঘ.