২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'বিল না এনে সংবিধান পুনর্মুদ্রণ অসাংবিধানিক'

আদালতের রায় মেনে পুনর্মুদ্রণ নয়, সংবিধান সংশোধনের জন্য সংসদে বিল আনতে সরকারি দলের প্রতি আহ্বান জানিয়েছেন মওদুদ আহমেদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Dec 2010, 09:06 AM

Updated : 25 Aug 2022, 07:44 PM

ঢাকা, ডিসেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আদালতের রায় মেনে পুনর্মুদ্রণ নয়, সংবিধান সংশোধনের জন্য সংসদে বিল আনতে সরকারি দলের প্রতি আহ্বান জানিয়েছেন মওদুদ আহমেদ। তবে সংসদের আগামী অধিবেশনে তার দল বিএনপির যোগদান না করার কথাও একইসঙ্গে জানিয়েছেন তিনি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ শনিবার মতিঝিলে তার চেম্বারে সাংবাদিকদের বলেন, "সংসদকে বাদ দিয়ে সুপ্রিম কোর্টের মতামতের ভিত্তিতে সংবিধান পুনর্মুদ্রণে সরকারের উদ্যোগ দুরভিসন্ধিমূলক ও অপমানজনক।" "সংসদে বিল না এনে সংবিধান পুনর্মুদ্রণ করা হলে তা হবে অসাংবিধানিক, এটা সঠিক হবে না", বলেন অসাংবিধানিকভাবে ক্ষমতা দখলকারী এরশাদের এক সময়ের সহযোগী মওদুদ। সংবিধানের পঞ্চম সংশোধনী অবৈধ বলে দেশের সর্বোচ্চ আদালত রায় দেওয়ার পর সংবিধান সংশোধনের উদ্যোগ নেয় সরকার। এ লক্ষ্যে সংসদীয় একটি বিশেষ কমিটিও গঠন করা হয়। তবে এর মধ্যেই রায় অনুযায়ী সংশোধন করে সংবিধান পুনর্মুদ্রণের উদ্যোগ নিয়েছে সরকার। পঞ্চম সংশোধনীর রায়ের বিষয়ে সাবেক আইনমন্ত্রী মওদুদ বলেন, "পঞ্চম সংশোধনীর বিষয়ে সুপ্রিম কোর্ট অনেকগুলো মতামত ও ব্যাখ্যা দিয়েছেন। তার ভিত্তিতে সংবিধান পুনর্মুদ্রণ করছেন। ওই রায়ের ভিত্তিতে সরকারি দল সংবিধান সংশোধন করতে চাইলে সংসদে বিল আনতে হবে।" বর্তমান সংসদে সরকারি দলের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা থাকার পরও সংসদে বিল না এনে সংবিধান পুনর্মুদ্রণে সরকারের তৎপরতা নিয়েও প্রশ্ন তোলেন সংসদ সদস্য মওদুদ। এর মধ্য দিয়ে সংসদ সদস্যদের অধিকার খর্ব করা হয়েছে বলেও মনে করেন তিনি। রোববার থেকে শুরু হতে যাওয়া সংসদ অধিবেশনে যোগ না দেওয়ার কথা জানিয়ে মওদুদ বলেন, "সরকার নিজে থেকে আইন প্রণয়ন করার ক্ষমতা আদালতকে দিয়ে দিয়েছে। সংসদে যাই, না যাই- তা এখন কোনো বিষয় নয়। আমরা সংসদে যাবো না।" সংসদ থেকে পদত্যাগের ইঙ্গিত বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরী ইতোমধ্যে দিলেও মওদুদ বলেছেন, "এ বিষয়ে দল এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেয়নি। তবে আমাদের কোনো দাবিই সংসদে পূরণ না হওয়ায় কিছু সদস্য মনে করেন, এ সংসদে থাকার প্রয়োজন নেই।" খালেদা জিয়ার মইনুল সড়কের বাড়ি নিয়ে আইনি লড়াইয়ের বিষয়ে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের বিভিন্ন বক্তব্যের সমালোচনা করেন বিএনপি। খালেদা জিয়াকে বাড়ি ছাড়া করার ঘোষণা মওদুদ দিয়েছিলেন এবং তা রেখেছেন- অ্যাটর্নি জেনারেলের এ বক্তব্যের জবাবে মওদুদ বলেন, "ওই বাড়িটি বিচারপতি আবদুস সাত্তারের শাসনামলে বরাদ্দ দেওয়া হয়। ওই সময়ে বাড়িটি বরাদ্দের বিষয়ে যে ক'জন সম্পৃক্ত ছিলেন, আমি তাদের একজন ছিলাম। "এরশাদ ক্ষমতা দখলের পর আমাকে গ্রেপ্তার করা হয়। অথচ আজ অ্যাটর্নি জেনারেলসহ কয়েজন আইনজীবী আমাকে জড়িয়ে যে বক্তব্য রেখেছে, তা মিথ্যাচার ও বিভ্রান্তিমূলক।" পরে অবশ্য এরশাদ সরকারের শিক্ষামন্ত্রী, প্রধানমন্ত্রী ও উপরাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন মওদুদ। বিএনপি ও জাতীয় পার্টি করে আসা এ রাজনীতিক সাংবাদিকদের কাছে তার লেখা সদ্য প্রকাশিত বই 'দক্ষিণ এশিয়া: উন্নয়নের সঙ্কট- বাংলাদেশ প্রেক্ষিত' শীর্ষক বইয়ের পটভূমি তুলে ধরেন। ৪০০ টাকা দামের এই বইয়ে দক্ষিণ এশিয়ার রাষ্ট্রগুলোর অভ্যন্তরীণ সমস্যা ও সম্ভাবনার বিভিন্ন দিকের বিশ্লেষন রয়েছে বলে জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১৫০০ ঘ.