ঢাকা, ডিসেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা সেনানিবাসের মইনুল সড়কের বাড়ি থেকে মালামাল সরিয়ে নিচ্ছেন বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া।
শুক্রবার সকাল সোয়া ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত একটি কভার্ড ভ্যান এবং একটি প্রাইভেট কারে করে বেশ কিছু মালামাল বারিধারার একটি বাড়িতে নেওয়া হয়েছে বলে খালেদার এক কৌঁসুলি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।
নাম প্রকাশ না করার শর্তে খালেদার ওই কৌঁসুলি বলেন, আরেকটি পিকআপে কিছু মালামাল ধানমণ্ডির একটি বাড়িতে নেওয়া হয়েছে। আরো আসবাবপত্র নেওয়ার জন্য একটি কভার্ড ভ্যান মইনুল সড়কের বাড়িতে রয়েছে।
বিএনপি চেয়ারপারসনের ভাই সাবেক সংসদ সদস্য সাঈদ এস্কান্দারের বাসা বারিধারায়। ছেলে তারেক রহমানের শ্বশুরবাড়ি রয়েছে ধানমণ্ডিতে।
মালামাল সরিয়ে নেওয়ার জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পক্ষে তার একান্ত সচিব এএসএম সালেহ আহমদ এবং দুই ভাই সাইদ এস্কান্দার ও শামীম এস্কান্দারের স্ত্রী এবং ওই বাড়ির কয়েকজন কর্মচারী সকাল সোয়া ১০টার দিকে সেনানিবাসের ওই বাড়িতে যান। সেনানিবাস বোর্ডের কর্মকর্তারাও সেখানে রয়েছেন।
বৃহস্পতিবার সকাল থেকে গুঞ্জন ছড়িয়ে পড়ে, সেনানিবাসের বাড়ি থেকে খালেদার মালামাল সরিয়ে নেওয়া হচ্ছে।
এরপর শুক্রবার থেকে কয়েকদিনের মধ্যে মালামাল সরিয়ে নেওয়ার জন্য খালেদা জিয়াকে তার একান্ত সচিবের মাধ্যমে অনুরোধ জানিয়েছিলো সেনানিবাস বোর্ড।
গত ১৩ নভেম্বর খালেদার ওই বাড়ির দখল বুঝে নেয় সেনানিবাস বোর্ড। হাইকোর্টের দেওয়া সময়সীমা অতিক্রান্ত হওয়ার পর সেদিনই বাড়ি ছাড়তে হয় খালেদাকে। খালেদা বর্তমানে গুলশানে তার ছোট ভাই শামীম এস্কান্দারের বাসায় থাকছেন।
আইনি লড়াইয়ে হারার কারণে ৩৮ বছর পর সেনানিবাসের ওই বাড়ি ছাড়তে হয় খালেদাকে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এজে/এমআই/১৫০০ ঘ.
bdnews24