ঢাকা, ডিসেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ৩০ নভেম্বরের হরতালকে কেন্দ্র করে পুলিশি নির্যাতন ও গ্রেপ্তার এবং ক্ষমতাসীন দলের সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে বৃহস্পতিবার বিকালে রাজধানীতে বিক্ষোভ-সমাবেশ করবে প্রধান বিরোধী দল বিএনপি।
বিকাল ৩টায় মুক্তাঙ্গনে এই সমাবেশ শুরু হবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
বৃহস্পতিবার সকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি জানান, এই সমাবেশ থেকে সরকারবিরোধী আন্দোলনের সংক্ষিপ্ত কর্মসূচি ঘোষণা করা হবে। দলের মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন কর্মসূচি ঘোষণা করবেন।
নজরুল ইসলাম আরো জানান, বুধবার খালেদা জিয়ার সভাপতিত্বে স্থায়ী কমিটির বৈঠকে কর্মসূচি চূড়ান্ত হয়। বিজয় দিবস ও স্কুলের ছাত্র-ছাত্রীদের পরীক্ষার কথা বিবেচনায় রেখে কর্মসূচি চূড়ান্ত করা হয়েছে।
বিএনপির অভিযোগ, ৩০ নভেম্বরের সকাল-সন্ধ্যা হরতালকে কেন্দ্র করে পুলিশ সারাদেশ থেকে তাদের তিন হাজার নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে।
নজরুল ইসলাম বলেন, "হরতালের সময়ে পুলিশ ও ক্ষমতাসীন দলের সন্ত্রাসীদের হামলায় সারাদেশে আমাদের আড়াই হাজার নেতা-কর্মী আহত হয়েছেন। গণগ্রেপ্তারের মাধ্যমে পুলিশ নির্যাতন চালিয়েছে, যা গণতান্ত্রিক রাষ্ট্রের আচরণের সঙ্গে সামঞ্জস্য নয়।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এজে/১১২১ ঘ.
bdnews24