ঢাকা, নভেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয়ের(ঢাবি) টিএসসি এলাকা, উপাচার্যের বাসভবনের সামনে ও শাহবাগ মোড়ে সোমবার সন্ধ্যায় কমপক্ষে ৭টি ককটেলের বিস্ফোরণ ঘটেছে।
এদিকে রাজধানীর এলিফেন্ট রোডে অজ্ঞাত পরিচয় দুর্বৃত্তরা একটি টেক্সিক্যাবে আগুন দিয়েছে। তবে এতে কেউ হতাহত হয়নি।
আগুনে টেক্সিক্যাবটি পুরোপুরি ভস্মীভূত হয়। পরে দমকল বাহিনী এসে আগুন নেভায়।
বিএনপির ডাকা মঙ্গলবারের হরতালের আগে এ ঘটনা ঘটলো।
সন্ধ্যা ছয়টায় টিএসসি সংলগ্ন সোহরাওয়ার্দী উদ্যানের গেটে ৪টি, সোয়া ছয়টায় উপাচার্য ভবনের সামনে ১টি ও শাহবাগ মোড়ে ২টি ককটেলের বিস্ফোরণ ঘটে বলে জানা গেছে।
ফাঁকা জায়গায় বিস্ফোরণ ঘটায় এতে কেউ হতাহত হয়নি বলে পুলিশ জানিয়েছে।
কারা এই বিস্ফোরণ ঘটিয়েছে তাৎক্ষণিকভাবে পুলিশ তা নিশ্চিত করতে পারেনি ।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম অবশ্য ককটেল নয়, পটকার বিস্ফোরণ ঘটেছে বলে জানিয়েছেন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ককটেল বিস্ফোরণ হলে আমরা এর আলামত পেতাম। অথবা কেউ হতাহত হতে পারতো।"
এদিকে দমকল বাহিনীর নিয়ন্ত্রণ কক্ষে দায়িত্বরত কর্মকর্তা মো. আজাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সন্ধ্যা সোয়া ৬ টার দিকে টেক্সিক্যাবে আগুন দেওয়ার খবর পেয়ে দমকল বাহিনীর একটি ইউনিট ঘটনাস্থলে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, বাটা সিগন্যালগামী একটি ট্যাক্সিক্যাব সায়েন্স ল্যাবরেটরীর প্রধান ফটকের কাছে পৌঁছলে কয়েকজন যুবক এসে গাড়ি থেকে চালককে নামিয়ে গাড়িতে আগুন দিয়ে চলে যায়।
বিএনপির ডাকা মঙ্গলবারের হরতালের আগে আতংক সৃষ্টির উদ্দেশ্যে গাড়িতে আগুন দেওয়া হয়েছে বলে পুলিশের ধারণা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/প্রতিনিধি/এইচএ/১৯১৪ ঘ.
bdnews24