ঢাকা, নভেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপি'র ডাকা ৩০ নভেম্বরের হরতাল বানচাল করতে সরকার বিভ্রান্তি ছড়াচ্ছে বলে অভিযোগ করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন।
রোববার বিকালে এক সমাবেশে খন্দকার মোশাররফ বলেন, "হরতাল যেন না হয় সেজন্য পুলিশ আমাদের নেতা-কর্মীদের গ্রেপ্তার করছে। মিছিল করতে দিচ্ছে না।"
এ হরতালই শেষ হরতাল নয় বলেও সতর্ক করেন তিনি। তিনি বলেন, "৩০ নভেম্বরের হরতালের পর নেত্রী আন্দোলনের পরবর্তি কর্মসূচি দেবেন।"
রোববার বিকালে মুক্তাঙ্গনে পূর্বঘোষিত বিভাগীয় শহরের সমাবেশের কর্মসূচির অংশ হিসেবে বিএনপির উদ্যোগে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। ৩০ নভেম্বরের হরতালের সমর্থনে ২৫ নভেম্বর থেকে পাঁচদিনের কর্মসূচি শুরু হয়। ২৫-২৭ নভেম্বর পর্যন্ত জেলা ও উপজেলায় সমাবেশ-মিছিল এবং রোববার ঢাকাসহ বিভাগীয় শহরের বিক্ষোভ সমাবেশ হয়।
সমাবেশে মহানগর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিএনপি'র বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা মিছিল নিয়ে অংশ নেয়।
সমাবেশ উপলক্ষে মুক্তাঙ্গনের চারপাশে ব্যাপক পুলিশ মোতায়েন করা হয়। কাছাকাছি জায়গায় রাখা ছিলো জলকামানের গাড়ি ও প্রিজন ভ্যান।
"২২ মাসে আমরা মাত্র দুটি হরতাল করেছি। তাতেই সরকার বেসামাল হয়ে গেছে," দাবি করে সাবেক এই মন্ত্রী বলেন, "হরতালের বিরুদ্ধে বক্তব্য আওয়ামী লীগের মুখে মানায় না। অতীতে তারা একশ ৭৩ দিন হরতাল করেছে।"
দলের সহসভাপতি সাদেক হোসেন খোকার সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে দলের স্থায়ী কমিটির সদস্য এমকে আনোয়ার, সহসভাপতি আবদুল্লাহ আল নোমান, উপদেষ্টা কাউন্সিলের সদস্য শামসুজ্জামান দুদু, খেলাফত মজলিশের মহাসচিব আহমেদ আবদুল কাদের, বাংলাদেশ জাতীয় পার্টির মহাসচিব শামীম আল মামুন, ডেমোক্রেটিক পার্টির সভাপতি খন্দকার গোলাম মূর্তজা, বিএনপি'র সিনিয়র যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান, রহুল কবির রিজভী, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, যুব দলের সিনিয়র সহসভাপতি আবদুস সালাম আজাদ, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক শরফত আলী সপু, সাংগঠনিক সম্পাদক শফিউল বারী বাবু, মহিলা দলের সভাপতি নুরে আরা সাফা প্রমুখ বক্তব্য রাখেন।
সমাবেশ পরিচালনা করেন দলের অর্থনৈতিক বিষয়ক সম্পাদক আবদুস সালাম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম//পিডি/২১৩০ ঘ.
bdnews24