২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপি'র মঙ্গলবারের হরতালে জামায়াতের সমর্থন

সারা দেশে বিএনপির ডাকা ৩০ নভেম্বরের (মঙ্গলবার) সকাল-সন্ধ্যা হরতালে পূর্ণ সমর্থন দিয়েছে চার দলীয় ঐক্যজোটের অন্যতম শরিক জামায়াতে ইসলামী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Nov 2010, 02:09 PM

Updated : 25 Aug 2022, 07:42 PM

ঢাকা, নভেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সারা দেশে বিএনপির ডাকা ৩০ নভেম্বরের (মঙ্গলবার) সকাল-সন্ধ্যা হরতালে পূর্ণ সমর্থন দিয়েছে চার দলীয় ঐক্যজোটের অন্যতম শরিক জামায়াতে ইসলামী। রোববার বিকালে মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম এ কথা জানান। তিনি বলেন, "দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, গ্যাস-বিদ্যুৎ ও পানি সমস্যার সমাধান, গণতন্ত্র রক্ষার দাবি এবং রাজনৈতিক নির্যাতন ও নিপীড়নের প্রতিবাদে বিএনপির ডাকা হরতালে পূর্ণ সমর্থন জানায় জামায়াত।" হরতাল সফল করতে জনগণের প্রতি আহ্বান জানান আজহারুল। সরকার ৩০ নভেম্বরের হরতালকে বানচাল করতে সারাদেশে বিরোধী দলের সাতশরও বেশি নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে বলে দাবি করেন তিনি। তিনি অবিলম্বে গ্রেপ্তার বন্ধ এবং ইতিমধ্যে গ্রেপ্তারদের মুক্তির দাবি জানান। সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামীর সহকারি সেক্রেটারি জেনারেল শফিকুর রহমান, প্রচার সম্পাদক তাসনীম আলম, কর্ম পরিষদের সদস্য মুহাম্মদ আবদুর রব, জসিম উদ্দিন সরকার, মহানগর জামায়াতের ভারপ্রাপ্ত আমীর হামিদুর রহমান আজাদ ও ভারপ্রাপ্ত সেক্রেটারি নুরুল ইসলাম বুলবুল প্রমুখ উপস্থিত ছিলেন। শনিবার রাতে গুলশানের কার্যালয়ে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাতের পর আজহারুল জানান, দলীয় ফোরামে আলোচনা করে হরতালে সমর্থনের বিষয়টি রোববার জানানো হবে। বৃহস্পতিবার চারদলের অন্য তিন শরিক ইসলামী ঐক্যজোট, বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) ও খেলাফত মজলিশের শীর্ষ নেতারা খালেদা জিয়ার সঙ্গে দেখা করে ৩০ নভেম্বরের হরতালে পূর্ণ সমর্থন জানায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমইউএস/পিডি/১৯৫৩ ঘ.