২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে বিএনপির মিছিলে লাঠিপেটা ও সংঘর্ষে আহত ৩০

বরিশালে বিএনপির মিছিলে লাঠিপেটা ও বিক্ষুব্ধ নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে সাবেক সংসদ সদস্যসহ ৩০ জন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Nov 2010, 09:08 AM

Updated : 25 Aug 2022, 07:42 PM

বরিশাল, নভেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরিশালে বিএনপির মিছিলে লাঠিপেটা ও বিক্ষুব্ধ নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে সাবেক সংসদ সদস্যসহ ৩০ জন আহত হয়েছে। রোববার বেলা ১১টার দিকে দ্বিতীয় দিনের মত এ সংঘর্ষ ঘটে। পুলিশ লাঠিপেটা করে ও কাঁদানে গ্যাস সেল নিক্ষেপ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়। পুলিশ ৩ নেতাকর্মীকে আটক করেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, কেন্দ্রঘোষিত বিভাগীয় কর্মসূচির অংশ হিসেবে বরিশালে বিএনপির দুই পক্ষ রোববার বিক্ষোভ মিছিল বের করে। পুলিশের বাধা উপেক্ষা করে মিছিলটি অগ্রসর হতে চাইলে পুলিশ লাঠিপেটা করে মিছিলকারীদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় পুলিশের সঙ্গে মিছিলকারীদের সংঘর্ষ বেঁধে যায়। ৩০ নভেম্বর ডাকা হরতালের সমর্থনে কেন্দ্রীয় কর্মসূচির অংশ এই মিছিল বের করা হয় বলে জানান কেন্দ্রীয় বিএনপি'র বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জেলা বিএনপির আহবায়ক অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার এমপি ও অপর গ্র"পের নেতা সাবেক জেলা সাধারণ সম্পাদক এবায়দুল হক চান। আটককৃতরা হলেন মো. জুলহাস উদ্দিন মাসুদ (৪৩), আরিফুর রহমান মিল্টন (২২) ও রিয়াজুল রহমান (৩০)। আহতদের মধ্যে রয়েছে সাবেক সংসদ সদস্য আবুল হোসেন খান, অ্যাডভোকেট আবুল কালাম শাহীন, অ্যাডভোকেট আলী হায়দার বাবুল, মো. মনিরুজ্জামান ফারুক, আরিফুর রহমান মুন্না, জুলহাস উদ্দিন মাসুদ, আরিফুর রহমান মিল্টন, খোকন। মজিবর রহমান সরোয়ার এমপি বলেন, "নগরীর সদর রোডে অশ্বিনী কুমার হল চত্বর সংলগ্ন দলীয় কার্যালয় থেকে তারা বিক্ষোভ মিছিল বের করেন। বেলা ১১টার দিকে মিছিলটি গৃজ্জা মহল্লা এলাকায় পৌঁছলে পুলিশ বাধা দেয়। মিছিলটি এগিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ লাঠিপেটা শুরু করে। এ সময় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। পুলিশ কাঁদানে গ্যাস নিক্ষেপ করে নেতাকর্মীদের ছত্রভঙ্গ করে দেয়। অপর গ্র"পের নেতা সাবেক জেলা সাধারণ সম্পাদক এবায়দুল হক চান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আদালত চত্বর থেকে তাদের একটি বিক্ষোভ মিছিল ফজলুল হক এভিনিউ হয়ে সদর রোড বিবি পুকুরের সামনে পৌঁছলে ছাত্রলীগ অতর্কিতে হামলা চালায় এবং ৭/৮জনকে পিটিয়ে আহত করে। কোতয়ালী মডেল থানার ওসি মো. জাহাঙ্গীর হোসেন বলেন, "বিনা অনুমতিতে মিছিল করার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। তারপরও তারা মিছিল করতে চাইলে এবং পুলিশের উপর ইটপাটকেল নিক্ষেপ করলে তাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়া হয়। ছাত্রলীগের কোনো নেতাকর্মী বিএনপির মিছিলে হামলা করেছে কি না বিষয়টি তিনি জানেন না বলে জানান। বিডিনিউজ টোয়ন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/১৫০৩ ঘ.