মিঠুন চৌধুরী
বিডিনউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক
চট্টগ্রাম, নভেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ঐক্য প্রক্রিয়া শুরুতেই হোচট খেয়েছে।
এবার মহানগর কমিটির সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরীর বিরুদ্ধে প্রকাশ্যে সরব হলেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ডা. আফসারুল আমীন।
মহানগর আওয়ামী লীগের এই যুগ্ম সম্পাদকের সঙ্গে আছেন মহিউদ্দিনবিরোধী বলে পরিচিত চট্টগ্রামের সাংসদ ও নগর কমিটির সহ-সভাপতি নুরুল ইসলাম বিএসসি এবং চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান ও কোষাধ্যক্ষ আবদুচ ছালাম।
শুক্রবার রাতে চট্টগ্রাম সার্কিট হাউজ মিলনায়তনে নগর আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ এ তিন নেতা ঐক্য প্রক্রিয়া নিয়ে তাদের অনুসারী দলের স্থানীয় নেতাকর্মী ও কয়েকজন ওয়ার্ড কাউন্সিলরের সঙ্গে বৈঠক করেন।
তাদের সঙ্গে নগরীর ২০টি ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক আছেন বলে দাবি করেছেন তারা।
বৈঠকে আফসারুল আমীন ও নুরুল ইসলাম বিএসসি উভয়েই মহানগর আওয়ামী লীগের বর্তমান সভাপতি ও চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) সাবেক মেয়র মহিউদ্দিন চৌধুরীর বিরুদ্ধে বিষোদগার করেন।
গত জুনে অনুষ্ঠিত সিটি কর্পোরেশন নির্বাচনে মহিউদ্দিনের পরাজয় নিয়েও তারা কটাক্ষ করেন।
একইসঙ্গে শুক্রবার বিকালে আগ্রাবাদে নগর আওয়ামী লীগ আয়োজিত হরতালবিরোধী সমাবেশে দলের ঐক্য প্রক্রিয়া প্রতিফলিত হয়নি বলে মন্তব্য করেন তারা।
বৈঠক শেষে তারা জানান, প্রধানমন্ত্রী ও দলীয় সভানেত্রী শেখ হাসিনা বিদেশ সফর শেষে দেশে ফিরলে নেতাকর্মীদের সঙ্গে ঐক্য নিয়ে কথা বলবেন।
অন্যদিকে দেওয়ান হাটে অনুষ্ঠিত নগর কমিটির সমাবেশে মহিউদ্দিন চৌধুরী এবং তার বিরোধী হিসেবে পরিচিত এমএ লতিফ ও ছাত্রলীগের সাবেক নেতা আ জ ম নাছির উদ্দিন এক মঞ্চে থেকে বক্তব্য রাখেন।
ওই সমাবেশকে কেন্দ্রের নির্দেশে দলীয় কোন্দল মেটাতে ঐক্য প্রক্রিয়ার শুরু বলে মন্তব্য করেছিলেন আওয়ামী লীগ নেতারা। তবে সমাবেশে আফসারুল আমীন, নুরুল ইসলাম বা আবদুচ ছালাম কেউই উপস্থিত ছিলেন না।
কমিটি গঠন নিয়ে সাংসদ নুরুল ইসলামের সঙ্গে মহিউদ্দিনের বিরোধ দীর্ঘদিনের হলেও আফাসরুল আমীন ও আবদুচ ছালাম তার অনুসারী হিসেবেই পরিচিত ছিলেন। তবে সংসদ নির্বাচনের পর গণশিক্ষামন্ত্রীর সঙ্গে এবং চসিক নির্বাচন নিয়ে এ বছরের শুরু থেকে আবদুচ ছালামের সঙ্গে মহিউদ্দিনের সম্পর্কের অবনতি ঘটতে থাকে।
নুরুল ইসলাম, এমএ লতিফ ও আ জ ম নাছির সরাসরি মহিউদ্দিনের বিরোধিতা করলেও আফসারুল আমীন এতো দিন প্রকাশ্যে কিছু বলেননি।
শুক্রবার রাত সাড়ে ৮টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত অনুষ্ঠিত ওই বৈঠকে উপস্থিত নেতাকর্মীরা দলের মহানগর পর্যায়ে ঐক্য প্রক্রিয়ার ওপর গুরুত্ব দেন।
সভা শেষে আফসারুল আমীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সমাবেশ করে কখনোই দলের ঐক্য হয় না।"
দলের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা যেভাবে ঐক্য চাইবে সেভাবেই হবে জানিয়ে তিনি বলেন, "হরতালবিরোধী সমাবেশের চিঠি কাউকে দেওয়া হয়েছে, কাউকে দেওয়া হয়নি।"
গণশিক্ষামন্ত্রী বলেন, "দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের বক্তব্যে ঐক্যের কথা বারবার প্রতিধ্বনিত হয়েছে। তাদের কাছ থেকে নেওয়া প্রক্রিয়ার ভিত্তিতে আমরা প্রয়োজনে দলীয় সভানেত্রীর সঙ্গেও দেখা করবো।"
প্রধানমন্ত্রী দেশে ফেরার পর এ সাক্ষাৎ হতে পারে বলে তিনি জানান।
সিডিএ চেয়ারম্যান আবদুচ ছালাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "শুধু নেতা দিয়ে কখনো ঐক্য হয় না।"
আফসারুল আমীনকে দেখিয়ে তিনি বলেন, "নেতা যেভাবে বলবেন সেভাবেই ঐক্যের কাজ চলবে।"
সার্কিট হাউজের ওই সভায় চসিকের আওয়ামী লীগ সমর্থিত ওয়ার্ড কাউন্সিলর গিয়াস উদ্দিন, রেহানা কবীর রাণু, রেখা আলম চৌধুরী, আফরোজা কালাম, ফেরদৌস বেগম মুন্নী, সাবেক কাউন্সিলর মোহাম্মদ হোসেন হিরণ, তারেক সোলেমান সেলিম, আসলাম হোসেন এবং ওয়ার্ড পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
উপস্থিত কাউন্সিলর ও নেতাকর্মীদের অধিকাংশই একসময় মহিউদ্দিন চৌধুরীর পক্ষে ছিলেন। চসিক নির্বাচনের কিছুুদিন আগ থেকে তারা তার বিরোধিতা শুরু করেন।
নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থী এম মনজুর আলমের কাছে মহিউদ্দিন চৌধুরীর পরাজয় হলে দলীয় কোন্দল ব্যাপকভাবে মাথাচাড়া দিয়ে ওঠে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/এমসি/এজে/কেএমএস/১১৩৫ ঘ.
bdnews24