কুষ্টিয়া, নভেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের সরকারদলীয় সংসদ সদস্য আফাজ উদ্দিনের বাড়িতে বোমা হামলা মামলার প্রধান আসামি যুবলীগ কর্মী জাহিদ ওরফে জাহিদুল বিশ্বাসকে (৩০) সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।
শুক্রবার কুষ্টিয়া জেলা যুবলীগের দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
কুষ্টিয়া জেলা যুবলীগের সভাপতি এ কে সিদ্দিক ও সাধারণ সম্পাদক মনিরুজ্জামান লালন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৩ নভেম্বর রাতে সংসদ সদস্য আফাজ উদ্দিনের বাসভবনে বোমা হামলায় জাহিদের সম্পৃক্ততার অভিযোগ পাওয়ায় জেলা যুবলীগের সদস্য পদ থেকে তাকে বহিষ্কার করা হয়েছে।
তার প্রাথমিক সদস্য পদ বাতিলের জন্য যুবলীগের কেন্দ্রীয় কমিটির কাছে সুপারিশ পাঠানো হয়েছে।
সংগঠনের নেতারা জানান, জাহিদ দৌলতপুর উপজেলা যুবলীগের সাবেক সভাপতি ছিলেন।
সংসদ সদস্য আফাজ উদ্দিনের বাড়িতে আত্মঘাতী বোমা হামলায় তিনজন নিহত হন।
ঘটনার রাতেই সংসদ সদস্যের ছেলে এজাজ আহমেদ বাদি হয়ে দৌলতপুর থানায় হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনে দুটি মামলা করেন। দুটি মামলাতেই জাহিদকে প্রধান আসামি করা হয়েছে।
পরদিন সকালে জাহিদকে পুলিশ গ্রেপ্তার করে। জিজ্ঞাসাবাদের জন্য গত ২২ নভেম্বর তাকে চারদিনের হেফাজতে নেয় পুলিশ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৭২১ ঘ.
bdnews24