২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপির হরতালে মাঠে থাকবে জোটের তিন শরিক

বিএনপির ডাকা ৩০ নভেম্বরের হরতাল কর্মসূচিতে সমর্থন দিয়েছে চারদলীয় ঐক্যজোটের শরিক তিনদল। (বিস্তারিত)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Nov 2010, 04:03 PM

Updated : 25 Aug 2022, 07:40 PM

ঢাকা, নভেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপির ডাকা ৩০ নভেম্বরের হরতাল কর্মসূচিতে সমর্থন দিয়েছে চারদলীয় ঐক্যজোটের শরিক তিনদল। বৃহস্পতিবার রাতে গুলশানের কার্যালয়ে জোট নেত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে বৈঠক শেষে ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মুফতি ফজলুল হক আমিনি এই সমর্থনের কথা সাংবাদিকদের জানান। অবশ্য জামায়াতে ইসলামী বৈঠকে যোগ দেয়নি। চার দলীয় জোটের শরিক ইসলামী ঐক্যজোট, বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) ও খেলাফত মজলিশ বৈঠকে অংশ নেয়। 'জনগণের সমস্যা সমাধানের দাবিতে' আগামী ৩০ নভেম্বর দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে বিএনপি। চলতি সরকারের আমলে এটি প্রধান বিরোধী দলের ডাকা তৃতীয় হরতাল। গত ২৭ জুন প্রথম হরতাল ডাকে তারা। এরপর খালেদা জিয়ার বাড়ি ছাড়ার প্রতিবাদে গত ১৪ নভেম্বর সারাদেশে হরতালের ডাক দেয় দলটি। আমিনি বলেন, ''বৈঠকে দেশের সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। আমরা মনে করি, এই সরকারের বিরুদ্ধে আন্দোলনের কোনো বিকল্প নেই। তাই ৩০ নভেম্বরের হরতালসহ সব কর্মসূচিতে আমরা সমর্থন দিয়েছি। রাজপথে আমরা থাকবো।'' জামায়াতের না আসা প্রসঙ্গে আমিনি জানান, চারদলীয় জোটের অন্য শরিক জামায়াতে ইসলামীর সঙ্গে আলাদাভাবে শনিবার বৈঠক করবেন জোট নেত্রী খালেদা জিয়া। আজ (বৃহস্পতিবার) তারা আসতে পারেনি। রাত পৌনে ৮টার দিকে এই বৈঠক বসে খালেদা জিয়ার সভাপতিত্বে। ঘন্টাব্যাপী বৈঠকে হরতালসহ আন্দোলনের কর্মসূচি সফল করার বিষয় নিয়ে আলোচনা হয়। বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, "এ্ই বৈঠকটি ছিলো অনানুষ্ঠানিক। জামায়াতে ইসলামীর সঙ্গে যোগাযোগ করা যায়নি। তাদের সঙ্গে শনিবার বৈঠক হবে।" বৈঠকে অন্যান্যের মধ্যে বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন, সিনিয়র যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ইসলামী ঐক্যজোটের মহাসচিব আবদুল লতিফ নেজামী, বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ ও মহাসচিব শামীম আল মামুন, খেলাফত মজলিশের মহাসচিব অধ্যাপক আহমেদ আবদুল কাদের, যুগ্ম মহাসচিব মাওলানা শফিকউদ্দিন উপস্থিত ছিলেন। পরে রাত সাড়ে ৯টায় সমমনা দলগুলোর সঙ্গে বৈঠক করেন খালেদা জিয়া। এতে জাতীয় গণতান্ত্রিক পার্টির সভাপতি শফিউল আলম প্রধান, মহাসচিব লুৎফর রহমান খান, ন্যাশনাল আওয়ামী পার্টির সভাপতি জেবেল রহমান গনী, মহাসচিব গোলাম মোস্তফা ভূঁইয়া, লেবার পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির মহাসচিব গোলাম মূর্তজা প্রমুখ উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এইচএ/২২২৩ ঘ.