ঢাকা, নভেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খালেদা জিয়ার বাড়িছাড়ার পর আন্দোলনের মধ্যেই সংসদ থেকে বিএনপির পদত্যাগের ইঙ্গিত দিলেন দলের নীতি নির্ধারকদের অন্যতম সালাউদ্দিন কাদের চৌধুরী।
বৃহস্পতিবার তিনি তার ধানমণ্ডির বাড়িতে এক সংবাদ সম্মেলনে বলেন, "যে সংসদের বিরোধীদলীয় নেতাকে জাতীয় পতাকাবাহী গাড়িসহ তার বাড়ি থেকে বের করে দেওয়া হয়, তা জাতির কাছে কোনোভাবে গ্রহণযোগ্য নয়। এ সংসদ আর সংসদ নেই। একটি মুদ্রাকরে পরিণত হয়েছে।"
দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার বাড়ি ইস্যুতেই বিএনপির সংসদ বর্জনের শুরু হয়। প্রধান বিরোধী দল বিএনপি চতুর্থ অধিবেশন থেকে লাগাতার সংসদ বয়কট করে আসছে।
গত ১৩ নভেম্বর ঢাকা সেনানিবাসের ওই বাড়ি ছাড়তে হয় খালেদাকে। এরপরই সরকারের বিরুদ্ধে কঠোর অবস্থানে যায় বিএনপি।
সংসদে আর ফিরবেন কিনা- জানতে চাওয়া হলে সংসদ সদস্য সালাউদ্দিন বলেন, "৯০ দিনে অনুপস্থিতির বাধ্যবাধকতায় আমি আর ৪৬ দিন না গেলে এ প্রশ্নটা হবে অবান্তর। যেভাবে আমার কাঁথা-বালিশ নিয়ে গেছে, সেখানে সংসদে যাওয়ার প্রশ্নই উঠে না।"
পদত্যাগের ইঙ্গিত দিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন বলেন, "একদলীয় সংসদ কোনো দিনই মেয়াদ পূরণ করতে পারেনি। সংসদ থেকে পদত্যাগের নজির আমাদের প্রধানমন্ত্রী (শেখ হাসিনা) অতীতে রেখে গেছেন।"
বর্তমান সংসদে সব মিলিয়ে ৩৪৫ আসনের মধ্যে বিএনপির আসন সংখ্যা ৩৫টি। বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় ঐক্যজোটের শরিক জামায়াতে ইসলামীর দুটি এবং বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) একটি আসন রয়েছে।
সংখ্যাগরিষ্ঠতার জোরে সরকারি দল সংসদ পরিচালনা করছে বলে অভিযোগ করে আসছে বিএনপি। আগামী ৫ ডিসেম্বর নবম সংসদের সপ্তম অধিবেশন শুরু হচ্ছে। তবে তাতে যোগ না দেওয়ার ইঙ্গিত আগেই দিয়েছিলো বিএনপি। তারা বলছে, সংসদে ফেরার পরিবেশ সরকারি দল তৈরি করতে পারেনি।
সম্ভাব্য পদত্যাগের কারণ দেখিয়ে সালাউদ্দিন বলেন, "আজকের পত্রিকায় দেখলাম, আইনমন্ত্রী বলেছেন- সংশোধিত সংবিধান পুনর্মুদ্রণের কাজ ডিসেম্বরে শুরু হচ্ছে। সংবিধানের ৬৫ (১) অনুচ্ছেদ অনুযায়ী আইন প্রণয়নের দায়িত্ব সংসদের। তাহলে দাঁড়ালোটা কী? সংসদের অনুমোদন কিংবা সংশোধন ছাড়া সংবিধান সংশোধিত হয়ে পুনর্মুদ্রণ হচ্ছে।
"এরকম অবস্থা অস্বাভাবিক। অস্বাভাবিক জন্ম যেমন অস্বাভাবিক মৃত্যুর সূচনা করেন, এটাও নতুন কথা নয়। সাপ হয়ে যারা দংশন করে, আজ তারা ওঝা হয়ে ঝাড়ছেন। সরকারের মন্ত্রীরা যেভাবে বয়ান দিচ্ছেন, তাতে দেশে এক অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হয়েছে বলে আমি মনে করি।"
বিরোধী দল পদত্যাগ করলে সংসদ গুরুত্বহীন হয়ে যাবে জানিয়ে সালাউদ্দিন বলেন, "আমাদের দেশে একদলীয় সংসদ কখনো মেয়াদ পূরণ করতে পারেনি। প্রথম, তৃতীয়, চতুর্থ এবং ষষ্ঠ সংসদ তার মেয়াদ পূরণ করতে পারেনি। সংসদ একদলীয় হলে তার টাইম বাউন্ড হয়ে যায়।"
বিরোধী দলের সদস্যরা একযোগে পদত্যাগ করলে সরকার যদি উপনির্বাচনের মাধ্যমে সংসদ সচলের উদ্যোগ নেয়, তাহলে কী হবে- প্রশ্ন করা হলে তিনি বলেন, "উপনির্বাচন হলেই সংসদ একদলীয় হয়ে যাবে। আমরা সে কথাটি বলছি। আর ওই রকম সংসদের ভবিষ্যৎ কী হবে, তার নজির নিকট অতীতে অনেক রয়েছে।"
নবম জাতীয় সংসদে বিদ্যুৎ খাতে দায়মুক্তি আইন প্রণয়নের সমালোচনা করে তিনি বলেন, "গ্যাস-বিদ্যুৎ খাতের দুর্নীতির বিরুদ্ধে কোনো মামলা করা যাবে না- এরকম নজিরবিহীন আইন প্রণয়ন হয়েছে এই সংসদে। যে কোনো কারণে এটা রেকর্ড হয়ে থাকবে।"
খালেদার বাড়িচাড়া নিয়ে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) ভূমিকার কঠোর সমালোচনা করেন সালাউদ্দিন কাদের।
১৬৫ কাঠার জমির ওপর নির্মিত ওই বাড়ি নিয়ে সরকারি প্রচারণার জবাবে তিনি বলেন, "এখন বলা হচ্ছে, বেগম জিয়া ১৬৫ কাঠার জমি নিয়ে বসবাস করেন। আমি জানতে চাই, রাজশাহী বিভাগীয় কমিশনারের বাসভবন, বর্তমান সেনাপ্রধানের বাসভবন, রাজউক চেয়ারম্যানের বাসভবন কতকাঠা জমির ওপর।"
"আইএসপিআর বিরোধীদলীয় নেতাকে ধমক দেয়- 'তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে'। উনি (খালেদা) নাকি তাদের সঙ্গে দুর্ব্যবহার করেছেন। আমার খাজনা দেওয়া চাকর, তুই আমাকে ধমক দেস", বলেন সাকা চৌধুরী।
সেনানিবাসের বাড়ি নিয়ে সাবেক সেনাপ্রধান হারুনুর রশীদের সংবাদ সম্মেলনের দিকে ইঙ্গিত করে তিনি বলেন, "কেবল তাই নয়, ডেট এক্সপায়ার হয়ে গেছে, এমন কর্মকর্তাদের নিয়ে নেত্রীর বিরুদ্ধে কথা বলাচ্ছেন। আবার সাংবাদিকদের পকেটে প্যাকেট সরবরাহ করছেন। এটা দুর্ভাগ্যজনক।"
বিএনপি নেতা অভিযোগ করেন, বিডিআর এর বিদ্রোহের সময় সেনাকর্মকর্তাদের নিহত হওয়ার ঘটনা জানার পরও যারা সেনাবাহিনীকে সেখানে যেতে দেয়নি, তারাই খালেদাকে বাড়ি থেকে বের করে দিয়েছে।
বিএনপি পুনরায় ক্ষমতায় গেলে আইএসপিআর'র বিরুদ্ধে ব্যবস্থা নেবে কিনা জানতে চাইলে সালাউদ্দিন বলেন, "কোলের বাচ্চা প্রশ্রাব-পায়খানা করলে আমরা কাপড় বদলে দেই, কিন্তু বাচ্চাকে ফেলে দেই না।"
দেশের বর্তমান অবস্থাকে সঙ্কটজনক বলে মনে করেন সালাউদ্দিন কাদের। এ জন্য রাজনীতিবিদদের দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১৪২৫ ঘ.
bdnews24