২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লক্ষ্মীপুরে শ্রমিক লীগ নেতাকে হত্যা

লক্ষ্মীপুরে বাড়ি থেকে ডেকে নিয়ে সরকার সমর্থক এক শ্রমিক নেতাকে হত্যা করেছে সন্ত্রাসীরা। হত্যাকারীরা বিএনপি সমর্থক বলে নিহতের পরিবারের অভিযোগ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Nov 2010, 09:01 AM

Updated : 25 Aug 2022, 07:40 PM

লক্ষ্মীপুর, নভেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- লক্ষ্মীপুরে বাড়ি থেকে ডেকে নিয়ে সরকার সমর্থক এক শ্রমিক নেতাকে হত্যা করেছে সন্ত্রাসীরা। হত্যাকারীরা বিএনপি সমর্থক বলে নিহতের পরিবারের অভিযোগ। নিহত মো. শাহাবুদ্দিন সদর উপজেলার কুশাখালী ইউনিয়ন শ্রমিক লীগের আহ্বায়ক এবং স্থানীয় শান্তিরহাট বাজার কমিটির সদস্য ছিলেন। তার বাড়ি কুশাখালী গ্রামে। হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে আলাউদ্দিন নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। নিহতের স্ত্রী বিবি হাজেরা বেগম সাংবাদিকদের বলেন, "সোমবার গভীর রাতে বিএনপি'র কবির, জাহাঙ্গীর ও নাছির সিএনজি অটো রিকশা নিয়ে আমাদের বাড়িতে আসে। তারা শাহাবুদ্দিনকে ডেকে নিয়ে বাড়ির সামনের রাস্তায় খুন করে চলে যায়।" হত্যাকাণ্ডের পর মঙ্গলবার শান্তিরহাট বাজারে সব দোকানপাট বন্ধ এবং দোকানে দোকানে কালো পতাকা উড়ানো হয়। সকালে ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে শান্তিরহাট বাজারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়। লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি এম আলাউদ্দিন এ হত্যাকাণ্ডের জন্য বিএনপিকে দায়ী করে বলেন, "বিএনপির সন্ত্রাসীরা এলাকায় সংগঠিত হয়ে বিগত দিনের মতো আওয়ামী লীগের নেতা-কর্মীদের পরিকল্পিতভাবে হত্যা শুরু করেছে।" লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার পরিতোষ ঘোষ সাংবাদিকদের বলেন, হত্যার সঙ্গে জড়িত আলাউদ্দিনকে আটক করা হয়েছে। পুলিশ ঘটনাটি তদন্ত করছে। শাহাবুদ্দিনের বড় ভাই গোলাম মাওলা চৌধুরী এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন। দাসেরহাট পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক সেলিম মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ময়নাতদন্তের জন্য লাশ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমআই/১৪৫৫ ঘ.