ঢাকা, নভেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংসদ ভবনে জানাজার পর আওয়ামী লীগ সংসদ সদস্য লুৎফুল হাই সাচ্চুর মরদেহ ব্রাহ্মণবাড়িয়া নিয়ে যাওয়া হচ্ছে।
মঙ্গলবার দুপুরে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর) আসনের এ সংসদ সদস্যের জানাজা হয়। এতে অংশ নেন সংসদ সদস্যরা।
জানাজার পর রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পক্ষে প্রয়াতের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এরপর শ্রদ্ধা জানান সংসদ সদস্যরা।
জানাজার পর মরদেহ নিয়ে একটি গাড়ি ব্রাহ্মণবাড়িয়ার পথে রওনা হয়। সেখানে জানাজার পর তাকে দাফন করা হবে।
মুক্তিযোদ্ধা লুৎফুল হাই হৃদরোগে আক্রান্ত হয়ে সোমবার রাজধানীর একটি হাসপাতালে মারা যান। তার বয়স হয়েছিলো ৭০ বছর। তিনি স্ত্রী, মেয়ে ও ছেলে রেখে গেছেন।
লুৎফুল হাই বাণিজ্য মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এমআই/১২৩০ ঘ.
bdnews24