কুষ্টিয়া, নভেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুষ্টিয়ায় সরকারদলীয় সংসদ সদস্য আফাজ উদ্দিনের বাড়িতে বোমা হামলা মামলায় যুবলীগকর্মী জাহিদ ওরফে জাহিদ বিশ্বাসকে (৩০) জিজ্ঞাসাবাদের জন্য চারদিন হেফাজতে রাখার অনুমতি পেয়েছে পুলিশ।
সোমবার দুপুরে কুষ্টিয়ার অতিরিক্ত মুখ্য বিচার বিভাগীয় আদালতে জাহিদকে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য সাতদিন হেফাজতে রাখার অনুমতি চান মামলার তদন্ত কর্মকর্তা জাহির হোসেন।
শুনানি শেষে হাকিম আব্দুল্লাহ আল-মামুন চারদিন হেফাজত মঞ্জুর করেন।
দৌলতপুর থানার ওসি হাসান হাফিজুর রহমান জানান, আদালত থেকে বিকালে জাহিদকে দৌলতপুর থানায় আনা হয়েছে। আজ (সোমবার) রাত থেকেই তাকে জিজ্ঞাসাবাদ করা হবে।
গত ১৩ নভেম্বর রাতে কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের সংসদ সদস্য আফাজ উদ্দিন আহমেদের কুষ্টিয়ার বাড়িতে বোমা হামলা হয়। এতে তিনজন নিহত হয়। ওই ঘটনায় ওই রাতেই দু'টি মামলা করা হয়।
ঘটনার পর ওইদিন ভোর রাতে জাহিদকে দৌলতপুরের গোপিনাথপুর গ্রামের নিজ বাড়ির কাছ থেকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন তাকে আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতের আবেদন করা হয়।
অন্যদিকে একই মামলায় গ্রেপ্তারকৃত অপর দুই আসামি মরু ও মিন্টুকে আদালতে হাজির করে সাতদিন জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতের আবেদন জানায় পুলিশ।
আবেদনের শুনানির দিন পরে ধার্য্য করা হবে জানিয়ে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমএসবি/২০১৪ ঘ.
bdnews24