২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বহিষ্কৃত হতে যাচ্ছেন নাজমুল হুদা

হরতাল এবং খালেদা জিয়ার কৌঁসুলিদের সমালোচনার পর নাজমুল হুদাকে দল থেকে বহিষ্কার করা হচ্ছে বলে বিএনপির দায়িত্বশীল একটি সূত্র জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Nov 2010, 08:31 AM

Updated : 25 Aug 2022, 07:39 PM

ঢাকা, নভেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হরতাল এবং খালেদা জিয়ার কৌঁসুলিদের সমালোচনার পর নাজমুল হুদাকে দল থেকে বহিষ্কার করা হচ্ছে বলে বিএনপির দায়িত্বশীল একটি সূত্র জানিয়েছে। দলের মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন বহিষ্কারের বিষয়টি সরাসরি না বললেও সাংবাদিকদের বলেছেন, নাজমুল হুদার বিষয়ে দল সিদ্ধান্ত নেবে। গত শুক্রবার নিজের বাড়িতে এক সংবাদ সম্মেলন ডেকে বিএনপির সহসভাপতি নাজমুল হুদা দলের চেয়ারপারসন খালেদা জিয়ার ঢাকা সেনানিবাসের বাড়ি হারানোর জন্য তার কৌঁসুলিদের দায়ী করে বক্তব্য রাখেন। ঈদের আগে হরতাল দেওয়ার সমালোচনাও করেন তিনি। নাজমুল হুদার বক্তব্যের পর বিএনপিতে প্রতিক্রিয়া দেখা দেয়। দলের কর্মসূচির সমালোচনা করে বাইরে বক্তব্য দেওয়ায় নাজমুল হুদার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে কি না- নয়া পল্টনে বিএনপি কার্যালয়ে রোববার এক সংবাদ সম্মেলনে এ প্রশ্ন করা হলে খোন্দকার দেলোয়ার বলেন, "নাজমুল হুদার বিষয়ে দল চিন্তা-ভাবনা করছে। দল এ বিষয়ে সিদ্ধান্ত নেবে।" বিএনপি চেয়ারপারসন খালেদা রোববার সন্ধ্যায় দলের নীতি-নির্ধারণী সর্বোচ্চ ফোরাম স্থায়ী কমিটির বৈঠক ডেকেছেন। সন্ধ্যায় গুলশানের কার্যালয়ে ওই বৈঠকেই নাজমুল হুদাকে বহিষ্কারের সিদ্ধান্ত হবে বলে নাম প্রকাশ না করার শর্তে বিএনপির শীর্ষ পর্যায়ের এক নেতা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন। তিনি বলেন, "নাজমুল হুদার বিষয়ে দলীয় চেয়ারপারসন স্থায়ী কমিটির সদস্য ও জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে কথা বলেছেন। তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে সবাই একমত হয়েছেন। তবে চূড়ান্ত সিদ্ধান্ত হবে স্থায়ী কমিটির বৈঠকে।" এক বছর আগে এভাবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য তানভীর আহমেদ সিদ্দিকীকেও বহিষ্কার করা হয়েছিলো। বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে দলীয় ফোরামের বাইরে আলোচনা করে এর আগেও দলে সমালোচনায় পড়েন নাজমুল হুদা। বিএনপির এবারের কমিটিতে প্রথমে স্থান না পেয়ে দল ছাড়ার হুমকি দিয়েছিলেন তিনি। পরে তাকে সহসভাপতি করা হয়। কিছু দিন আগে বিএনপি সমর্থক আইনজীবীদের সংগঠন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ছাড়েন নাজমুল হুদা। বিএনপি সমর্থক আইনজীবীদের ওই ফোরামের সুপ্রিম কোর্ট শাখার কমিটি নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়াও জানান হুদা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১৪১০ ঘ.