গাজীপুর, নভেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপি এখন তিন 'রক্ষা ইস্যুতে' রাজনীতি করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম।
শনিবার বিকালে গাজীপুর শহরের বঙ্গতাজ মিলনায়তনে এক অনুষ্ঠানে সৈয়দ আশরাফ বলেন, "বিরোধী দল তিন ইস্যুতে রাজনীতি করছে। এগুলো হলো খালেদা জিয়ার বাড়ি, তার দু'ছেলে দুর্নীতির মামলা থেকে বাঁচানো ও যুদ্ধাপরাধীদের রক্ষা।"
আওয়ামী লীগের রূপকল্প ২০২১-এর লক্ষ্য অর্জনে ডিজিটাল গাজীপুর বাস্তবায়নে কর্মপরিকল্পনা প্রণয়ন বিষয়ক এক সেমিনারে বক্তব্য দিচ্ছিলেন তিনি।
বাংলাদেশকে বদলাতে হলে সবার আগে আওয়ামী লীগকে বদলাতে হবে মন্তব্য করে স্থানীয় সরকারমন্ত্রী আশরাফ বলেন, "কারণ আওয়ামী লীগই পারে বাংলাদেশকে বদলে দিতে। ডিজিটাল মানে শুধু মোবাইল, টেলিফোন কম্পিউটারের কানেক্টিভিটি নয়।এর অনেক বড় দর্শন রয়েছে।"
বিরোধী দলের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, "'৭৫ সালে মুজিব হত্যার মাধ্যমে তারা স্কুল, বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠান ধ্বংস করেছে।"
অনুষ্ঠানে বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী ড. ইয়াফেস ওসমান, ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আকম মোজাম্মেল হক বক্তব্য দেন।
এ সময় যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি জাহিদ আহসান রাসেল, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেহের আফরোজ চুমকী, আওমী লীগ নেতা আখতারুজ্জামান, শ্রীপুর উপজেলা চেয়ারম্যান ইকবাল হোসেন সবুজ, নিরাপদ সড়ক চাই'র সভাপতি চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন প্রমুখ উপস্থিত ছিলেন।।
জেলা প্রশাসক কামালউদ্দিন তালুকদারের সভাপতিত্বে সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/পিডি/২২৩৮ ঘ.
bdnews24