ঢাকা, নভেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকার ভয় দেখিয়ে বিরোধী দলের আন্দোলন দমাতে চাইছে অভিযোগ করে বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন বলেছেন, এতে সরকারের পতন ঠেকানো যাবে না।
তিনি শনিবার বলেছেন, "আন্দোলনের প্রস্তুতিকে বিনষ্ট করতে সরকার বিএনপি নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলা ও হয়রানি করছে। এভাবে ভয় দেখিয়ে নির্যাতন-নিপীড়ন করে সরকার তার পতন ঠেকাতে পারবে না।"
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামসহ ক্ষমতাসীন দলের কয়েকজন নেতার বক্তব্যের জবাবে বিএনপি মহাসচিব এ কথা বলেন।
বিএনপির আন্দোলনের হুমকির জবাবে আশরাফ শুক্রবার বিরোধী দলকে সংসদে অনাস্থা প্রস্তাব আনার আহ্বান জানান। কোনো ধরনের 'বেআইনি' পথ অবলম্বন না করতে বিরোধী দলকে সতর্ক করেন তিনি।
দেলোয়ার বলেন, "এ সরকার দেশের স্বার্থবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব হুমকির মুখে। নানা সমস্যায় জর্জরিত বাংলাদেশকে রক্ষায় আমাদের এই সরকারের বিরুদ্ধে তীব্র আন্দোলন গড়ে তুলতে হবে।"
প্রধান বিচারপতির বাড়িতে হাতবোমা নিক্ষেপের ঘটনায় বিএনপি নেতাদের জড়ানো হচ্ছে অভিযোগ করে মহাসচিব বলেন, "আন্দোলনের যারা প্রাণ পুরুষ সেই সব নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। উদ্দেশ্য একটাই, যাতে কোনোভাবে আন্দোলনে গড়ে উঠতে না পারে।"
আন্দোলনের কর্মসূচির বিষয়ে সরাসরি কিছু বলেননি দেলোয়ার বলেন। এ বিষয়ে দলীয় চেয়ারপারসন খালেদা কর্মসূচি
ঘোষণা করবেন জানিয়ে তিনি তা সফল করার প্রস্তুতি নিতে দলীয় নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান।
বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন উপলক্ষে নয়া পল্টনে বিএনপি কার্যালয়ে মিলাদের আগে বক্তব্য রাখেন দেলোয়ার। তাতেই সরকারকে হুঁশিয়ারি দেন তিনি।
খালেদার বড় ছেলে তারেককে বিএনপির ভবিষ্যৎ নেতা হিসেবে তুলে ধরে দেলোয়ার বলেন, "আজকের জন্মদিনে আমাদের শপথ হোক- তরুণ নেতা তারেকের নেতৃত্বে আগামীতে দল ও দেশকে আমরা রক্ষা করবো।"
তারেকের জন্মদিন উদযাপনে দিনব্যাপী নানা কর্মসূচি পালন করে বিএনপি এবং এর বিভিন্ন সহযোগী সংগঠন।
এসব কর্মসূচিতে অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়া, সহসভাপতি আলতাফ হোসেন চৌধুরী, শাহজাহান ওমর, চেয়ারপারসনের উপদেষ্টা ইনাম আহমেদ চৌধুরী, শামসুজ্জামান দুদু, শওকত মাহমুদ, আবদুল মান্নান, এজেডএম জাহিদ হোসেন, সিনিয়র যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এছাড়াও ছিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক মজিবর রহমান সরোয়ার, প্রশিক্ষণ বিষয়ক সস্পাদক কাজী আসাদুজ্জামান, সহদপ্তর সম্পাদক আবদুল লতিফ জনি, আসাদুল করীম শাহিন, কেন্দ্রীয় নেতা রফিক শিকদার, এবিএম মোশাররফ হোসেন, যুবদলের আবদুস সালাম আজাদ, মোরতাজুল করীম বাদুরু, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক শরাফত আলী সপু, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, ছাত্রদলের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম খান আলিম, যুগ্ম সম্পাদক আমিরুজ্জামান খান শিমুল, সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১৮০০ ঘ.
bdnews24