২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আলালের বাসায় র‌্যাব-পুলিশের তল্লাশির অভিযোগ

জাতীয়তাবাদী যুবদলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালের লালমাটিয়ার বাসায় র‌্যাব-পুলিশ সদস্যরা গত ২০ ঘন্টায় দুই দফা তল্লাশি চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। (আরো তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Nov 2010, 02:49 PM

Updated : 25 Aug 2022, 07:38 PM

ঢাকা, নভেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয়তাবাদী যুবদলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালের লালমাটিয়ার বাসায় র‌্যাব-পুলিশ সদস্যরা গত ২০ ঘন্টায় দুই দফা তল্লাশি চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। অবশ্য র‌্যাব ও পুলিশ আলালের এ অভিযোগ অস্বীকার করেছে। প্রথম দফায় বৃহস্পতিবার গভীর রাতে দেড় ঘন্টা ধরে র‌্যাব-পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদস্যরা তার লালমাটিয়ার বাসায় তল্লাশি চালায় বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান আলাল। তিনি অভিযোগ করেন, ''গভীর রাতে আক্রমণাত্মক ভঙ্গিতে আমার বাসায় তল্লাসি চালানো হয়। প্রতিটি কক্ষেই তারা তল্লাশি চালিয়েছে।'' তবে ওই সময় আলাল বাসায় ছিলেন না। শুক্রবার জুমার নামাজের সময় তার বাসা ঘেরাও করে পুলিশ আবারো তল্লাশি চালায় বলে দাবি করেন আলাল। বৃহস্পতিবার রাতে হেয়ার রোডে সুরক্ষিত এলাকায় প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের সরকারি বাড়িতে দুটি হাতবোমার বিস্ফোরণ ঘটানো হয়। এতে জড়িত কাউকে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত চিহ্নিত বা গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। বোমাহামলায় বিরোধী দল জড়িত- এমন ইঙ্গিত করে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন সেদিন বলেন, "যারা দেশকে অস্থিতিশীল করতে চায়, তারাই প্রধান বিচারপতির বাসভবনে ককটেল নিক্ষেপ করেছে।" ওই বোমা বিস্ফোরণের ঘটনায় রমনা থানায় একটি মামলা হয়েছে, তাতে অবশ্য আসামির নাম উল্লেখ করা হয়নি। বিএনপি নেতাদের আশঙ্কা, ওই মামলায় তাদের দলের কয়েকজনের নাম জড়ানো হচ্ছে। এ সম্পর্কে রমনা থানার ওসি শিবলী নোমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, প্রধান বিচারপতির সরকারি বাড়িতে হাতবোমা বিস্ফোরণের মামলায় কোনো আসামীর নাম উল্লেখ নেই। অজ্ঞাতদের আসামী করে মামলা দায়ের করা হয়েছে। তিনি আরো বলেন, যে কেউ সন্দেহের তালিকায় থাকতে পারে এবং তাদের ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হবে। র‌্যাব-২ এর অপারেশনস অফিসার এএসপি শফিউল আলম আলালের এ অভিযোগ অস্বীকার করে বলেছেন, তার বাসায় কোনো তল্লাশি অভিযান চালানো হয়নি। মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মাহবুবুর রহমান জানান, আলালের বাসায় পুলিশ কোনো তল্লাশি চালায়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এইচএ/২০৪২ ঘ.