মৌলভীবাজার, নভেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মৌলভীবাজার শহরে ছাত্রলীগ ও যুবলীগ নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হয়েছেন।
আহতদের মধ্যে দুজন জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ নাজমুল হোসেন ও যুবলীগ নেতা সোহান আহমদ স্থানীয় ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
মৌলভীবাজার থানার ওসি অমূল্য কুমার চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সদ্য ঘোষিত জেলা ছাত্রলীগের কমিটি নিয়ে দু'পক্ষের মধ্যে বিরোধের জের ধরে রোববার রাতে এ সংঘর্ষ ঘটে।
ওসি জানান, রাত সাড়ে আটটার দিকে ছাত্রলীগের একটি গ্র"প শহরের চৌমুহনায় ম্যানেজার ষ্টলে হামলা চালায়। তারা ম্যানেজার ষ্টলের মালিক জেলা ছাত্রলীগের আহ্বায়ক কমিটির সাবেক সদস্য সুমেশ দাশ যিশুকে চড়-থাপ্পড় দেয় এবং স্টলের আসবাবপত্র ও সাইনবোর্ড ভাংচুর করে।
যিশু সাবেক হুইপ ও কেন্দ্রীয় আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারন সম্পাদক আজিজুর রহমানের ভাতিজা জেলা যুবলীগের সাধারন সম্পাদক নাহিদ আহমদের অনুসারী।
যিশুকে মারধরের প্রতিবাদে রাত সাড়ে নয়টার দিকে জেলা যুবলীগের সাধারন সম্পাদক নাহিদ আহমদের অনুসারীরা শহরের চৌমুহনা চত্বরে মিছিল বের করে। একপর্যায়ে তারা প্রতিপক্ষ যুবলীগ নেতা রাজু আহমদের ব্যক্তিগত গাড়িতে হামলা চালায়।
জবাবে রাজুর অনুসারীরা যিশুর মালিকানাধীন ম্যানেজার ষ্টল ও রাধিকা ষ্টল ভাংচুর করে।
এসময় দু'পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ বেধে যায়। সংঘর্ষে নাজমুল হোসেনের মাথা ফেটে যায়।
নাহিদ আহমদ এ ঘটনার জন্য সরাসরি কাউকে দায়ী না করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "কারা এ হামলা করেছে তা সবাই দেখেছেন।"
জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক নেছার আহমদ সাংবাদিকদের জানান, ঘটনার সময় তিনি শহরের বাইরে ছিলেন। এ ঘটনাকে তিনি দু:খজনক বলে মন্তব্য করেন।
ওসি অমুল্য কুমার চৌধুরী জানান, হামলাকারীদের খোঁজে পুলিশী অভিযান অব্যাহত রয়েছে। এ ব্যাপারে থানায় কোনো মামলা হয়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/১১২৮ ঘ.
bdnews24