২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হরতালে বিভিন্ন স্থানে আটক দু'শরও বেশি

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সেনানিবাসের বাড়ি ছাড়ার ঘটনায় ডাকা রোববারের হরতাল মিছিল, সমাবেশ, পিকেটিং, ধাওয়া-পাল্টা ধাওয়া, সংঘর্ষ, ভাংচুরের মধ্য দিয়ে পালিত হয়েছে। (আরো তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Nov 2010, 03:10 PM

Updated : 25 Aug 2022, 07:37 PM

ঢাকা, নভেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সেনানিবাসের বাড়ি ছাড়ার ঘটনায় ডাকা রোববারের হরতাল মিছিল, সমাবেশ, পিকেটিং, ধাওয়া-পাল্টা ধাওয়া, সংঘর্ষ, ভাংচুরের মধ্য দিয়ে পালিত হয়েছে। নারায়ণগঞ্জসহ বিভিন্ন স্থানে সংঘর্ষে আহত হয়েছে অন্তত ৯৪ জন। পুলিশ আটক করেছে দুইশ'রও বেশি বিএনপি নেতাকর্মীকে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধিদের পাঠানো সংবাদ: নারায়ণগঞ্জ: জেলা শহরে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ ও সংঘর্ষে তিন পুলিশসহ অন্তত ২০ জন আহত হয়েছে। বিক্ষুদ্ধ নেতাকর্মীরা রাস্তায় টায়ার জ্বালিয়ে অগ্নিসংযোগ করে। এ সময় পুলিশ পাঁচ রাউন্ড কাঁদানে গ্যাস শেল নিক্ষেপ করে। দুই নেতাকর্মীকে আটকও করা হয়। পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় রোববার রাতে নারায়ণগঞ্জ সদর মডেল থানার ৩০০ বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে পুলিশ মামলা দায়ের করেছে। কিশোরগঞ্জ: পাকুন্দিয়া উপজেলা সদরে পিকেটারদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়েছে। পুলিশ লাঠিপেটা এবং ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় বিএনপির অন্তত ৮ নেতাকর্মী আহত হয়। পরে বিএনপির কয়েকশ' নেতাকর্মী একঘণ্টা পাকুন্দিয়া থানা ঘেরাও করে রাখে। এ সময় বিএনপি কর্মীদের ছোড়া ইটপাটকেলে থানার ওসি আমিনুল হকসহ ৮ পুলিশ আহত হয়। পরে কিশোরগঞ্জ থেকে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিএনপির ৭ নেতাকর্মীকে গ্রেপ্তারও করা হয়। কিশোরগঞ্জের পুলিশ সুপার (এসপি) মীর রেজাউল আলম পাকুন্দিয়ায় সংঘর্ষ ও গুলিবর্ষণের ঘটনা স্বীকার করে বলেন, "জেলার বাকি ১১টি উপজেলায় পরিস্থিতি শান্ত রয়েছে।" ব্রাহ্মণবাড়িয়া: শহরের কালিবাড়ি মোড়ে পুলিশের সঙ্গে পিকেটারদের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষে পাঁচজন আহত হয়। পুলিশ ৬ রাউন্ড ফাঁকা গুলি করে পিকেটারদের ছত্রভঙ্গ করে। পুলিশের উপর হামলার অভিযোগে এক ছাত্রদল নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। বরগুনা: হরতালের আগের রাত থেকে রোববার দুপুর পর্যন্ত পুলিশ বিভিন্ন উপজেলা থেকে বিএনপির ১৭ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আমতলী, বেতাগী, বামনা ও পাথরঘাটা উপজেলা শহরে হরতাল হয়নি। নরসিংদী: নরসিংদী শহরের সাটিরপাড়ায় পিকেটারদের সঙ্গে পুলিশের কয়েকদফা ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। বিএনপি কর্মীরা সাটিরপাড়া এলাকায় কয়েকটি রিকশা ভাংচুর করে। পুলিশ পাঁচ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে। ফেনী: শহরে যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীসহ ১২ পিকেটারকে আটক করেছে পুলিশ। মিছিলকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ ১৫ রাউন্ড ফাঁকা গুলি ছুড়েছে বলে পুলিশ সুপার মো. ইমাম হোসেন জানান। চাঁদপুর: শহরের চিত্রলেখা এলাকায় পিকেটিংকালে ছাত্রদলের নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। পুলিশ ৩ জনকে আটক করেছে। বগুড়া: শহরের মাটিডালি ও কেন্দ্রীয় বাসটার্মিনাল চারমাথায় ৩/৪টি মোটরসাইকেল ও ৬/৭টি বাস ভাংচুর হয়। এ সময় পুলিশ ৫ পিকেটারকে আটক করে। টাঙ্গাইল: পুলিশ তিন ছাত্রদলকর্মীকে আটক করেছে। জামালপুর: মিছিলে পুলিশের লাঠিপেটায় বিএনপি ও ছাত্রদলের ১০ নেতাকর্মী আহত হয়েছে। হরতাল সমর্থকরা জেলা শহরের কলেজ মোড়ে ২টি এবং খলিলগঞ্জ বাজার এলাকায় ১টি ব্যাটারিচালিত অটোরিকশা ভাংচুর করেছে। রাজারহাট উপজেলায় পাল্টাপাল্টি মিছিল বের করলে বিএনপি ও আওয়ামী লীগের মধ্যে সংঘর্ষ হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানান, রাজারহাট থানার ওসি ছাদেকুল ইসলাম। মানিকগঞ্জ: মানিকগঞ্জ সদর উপজেলার চেয়ারম্যান আতাউর রহমান আতাকে রোববার সকালে আটক করে পুলিশ। এছাড়া আরো তিন বিএনপি নেতাকে শনিবার রাতে আটক করা হয়। পটুয়াখালী: পুলিশ জেলা শহর থেকে তিন বিএনপি ও ছাত্রদল নেতাকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে। শরীয়তপুর: জেলা সদরসহ ৬টি উপজেলার কোথাও হরতাল পালিত হয়নি। অফিস আদালত, দোকানপাট, স্কুল কলেজ খোলা ছিল। লোকাল ও দূরপাল