ঢাকা, নভেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খালেদা জিয়াকে সেনানিবাসের বাড়ি থেকে 'উৎখাতের' প্রতিবাদে বিএনপির ডাকা রোববারের সকাল-সন্ধ্যা হরতালে রাজধানীর মোহাম্মদপুরে একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে পিকেটাররা।
মোহাম্মদপুরের নূরজাহান রোডে রোববার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।
দমকল বাহিনীর নিয়ন্ত্রণ কক্ষ সূত্রে জানা যায়, পিকেটাররা বাসটিতে আগুন দেওয়ার পর দমকলকর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই পুলিশ সদস্যরা তা নিভিয়ে ফেলে।
হরতালে এর আগে সকাল ১০টার দিকে রাজধানীতে পুলিশের টহলগাড়িতে পেট্রলবোমা হামলা হয়েছে।
পুলিশ জানিয়েছে, ঢাকা জেলা জজ আদালতের সামনে জনসন রোডে টহল ইন্সপেক্টরের মো. সাজ্জাদ হোসেনের গাড়িতে সকাল ১০টার দিকে এক যুবক বোমাটি নিক্ষেপ করে। এ সময় সাজ্জাদ হোসেন গাড়িতে ছিলেন না। তার চালক পুলিশের কনস্টেবল সাজ্জাদ ছিলেন। তিনি আহত হয়েছেন।
ঘটনাস্থল থেকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক কামাল হোসেন তালুকদার জানান, এর কিছুক্ষণ পরে জনসন রোডের ঢাকা ন্যাশনাল হাসপাতালের গলিতে মালবাহী একটি পিকআপ ভানে আগুন লাগিয়ে দেয় পিকেটাররা।
এর আগে সকাল সাড়ে ৭টার দিকে রাজধানীর মিরপুর, শান্তিনগর ও ফকিরেরপুল মোড়ে গাড়িতে হামলা চালায় পিকেটাররা।
ধানমণ্ডিতে সকালে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টার অভিযোগে ছয়জনকে আটক করা হয়েছে বলেও পুলিশ জানিয়েছে।
শনিবার খালেদা জিয়াকে ঢাকা সেনানিবাসের বাড়ি থেকে 'উৎখাতের' প্রক্রিয়া চলাকালে এই হরতাল কর্মসূচি ঘোষণা করেন বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার। তার ওই ঘোষণার পর রাজধানীর ১০টি স্থানে গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/কেটি/এজে/১২৩৩ ঘ.
bdnews24