২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীর তিন স্থানে গাড়িতে হামলা

খালেদা জিয়াকে সেনানিবাসের বাড়ি থেকে 'উৎখাতের' প্রতিবাদে বিএনপির ডাকা রোববারের সকাল-সন্ধ্যা হরতালের শুরুতে রাজধানীর মিরপুর, শান্তিনগর ও ফকিরেরপুল মোড়ে গাড়িতে হামলা চালিয়েছে পিকেটাররা। (আরো তথ্যসহ-১)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Nov 2010, 02:57 AM

Updated : 25 Aug 2022, 07:37 PM

ঢাকা, নভেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খালেদা জিয়াকে সেনানিবাসের বাড়ি থেকে 'উৎখাতের' প্রতিবাদে বিএনপির ডাকা রোববারের সকাল-সন্ধ্যা হরতালের শুরুতে রাজধানীর মিরপুর, শান্তিনগর ও ফকিরেরপুল মোড়ে গাড়িতে হামলা চালিয়েছে পিকেটাররা। ধানমণ্ডিতে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টার অভিযোগে ছয়জনকে আটক করেছে পুলিশ। হরতালের সমর্থনে সকালে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে মিছিল বের করা হয়। মিছিলে বিএনপির কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি ছাত্রদল নেতারাও অংশ নেন। আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকারের সময়ে প্রধান বিরোধী দলের দ্বিতীয় হরতাল এটি। প্রথমটি হয়েছিলো গত ২৭ জুন। পুলিশ জানিয়েছে, হরতালকে কেন্দ্র করে রাজধানীসহ সারাদেশে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। রাজধানীর বিভিন্ন সড়কে অতিরিক্ত পুলিশ ও র‌্যাব মোতায়েন করা হয়েয়েছ। সচিবালয়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানের সমানে র‌্যাব সদস্যরা সর্তকাবস্থায় রয়েছে। নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কের কিছু এলাকায় ব্যারিকেড বসানো হয়েছে। সেখানে অতিরিক্ত পুলিশ, কাছাকাছি স্থানে জলকামানের গাড়ি ও পুলিশ ভ্যান রাখা আছে। ঢাকা-আরিচা ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দূরপল্লার যান চলাচল বন্ধ রয়েছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর সাভার প্রতিনিধি জানিয়েছেন। হরতালের সকালে রাজধানীতে যন্ত্রচালিত যানবাহন কম চলাচল করতে দেখা গেছে। রাস্তায় প্রচুর রিকশা থাকলেও অনেককেই পায়ে হেঁটে কর্মস্থলে যেতে দেখা গেছে। হরতালে রাজধানীর পুরানা পল্টন, কাকরাইল, গুলিস্তান, তোপখানা রোড, মালিবাগ, মৌচাক, রামপুরা সড়ক, মগবাজার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের দোয়েল চত্বর, মতিঝিল, হাটখোলাসহ বিভিন্ন সড়কের পাশের দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। বন্ধ রয়েছে রাজধানীর অধিকাংশ স্কুল। সকাল সাড়ে ৭টার দিকে মিরপুরে প্রশিকা ভবন সংলগ্ন নূরানী মসজিদের কাছে ১০-১২ জনের একদল পিকেটার একটি যাত্রীবাহী বাসে হামলা চালায় বলে প্রত্যক্ষদর্শীরা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন। তারা বলেন, মিরপুর ১১ নম্বর থেকে ২ নম্বর বাসস্ট্যান্ডের দিকে যাওয়ার পথে পিকেটাররা বাসটি লক্ষ করে হাট-পাটকেল নিক্ষেপ করে। এতে বাসটির কয়েকটি জানালার গ্লাস ভেঙে যায়। সে অবস্থায়ই বাসটি দ্রুত মিরপুর ২ নম্বর বাসস্ট্যান্ডের দিকে চলে যায়। এ বিষয়ে মিরপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মশিউর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "প্রশিকার কাছে একটি বাসে কিছু ছেলে ইট-পাটকেল মেরেছে বলে আমরা খবর পেয়েছি। তবে বড় ধরনের কোনো ভাংচুর বা অগ্নিসংযোগের ঘটনা ঘটেনি। সেখানে পুলিশ পাঠানো হয়েছে।" প্রত্যক্ষদর্শীরা আরো জানান, প্রায় একই সময়ে শান্তিনগর ও ফকিরেরপুল মোড়ের কাছে পিকেটাররা একটি ট্যাক্সিক্যাব ও একটি যাত্রীবাহী বাসে ইটপাটকেট ছুড়ে ভাংচুর করে। ধানমণ্ডি থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সাইফুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ধানমণ্ডি ২ নম্বর সড়কে সমাবেত হয়ে ওই ছয়জন বিশঙ্খল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছিলো। সকাল ৭টার দিকে বিএনপির যুগ্ম মহাসচিব রহুল কবির রিজভী, বিরোধী দলীয় প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুক, ছাত্রদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুসহ নেতা-কর্মীরা নয়া পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে মিছিল বের করে। মিছিলটি কাকরাইলের নাইটেঙ্গল রেস্টুরেন্ট থেকে আবার কেন্দ্রীয় কার্যালয়ের সমানে গিয়ে শেষ হয়। এর আগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সারাদেশে শান্তিপূর্ণ ও স্বতস্ফূর্র্তভাবে দেশের জনগণ সকাল-সন্ধ্যা হরতাল পালন করছে। তবে রাজধানীর মিরপুর, শেওড়াপাড়া, বাড্ডাসহ কয়েকটি স্থানে আমাদের শান্তিপূর্ণ মিছিলে পুলিশ বাধা দিয়েছে বলে খবর পেয়েছি।" এদিকে হরতালের কারণে রোববারের জুনিয়র সার্টিফিকেট পরীক্ষা ও জুনিয়র মাদ্রাসা সার্টিফিকেট পরীক্ষা স্থগিত করেছে শিক্ষা মন্ত্রণালয়। পরীক্ষাটি আগামী ২২ নভেম্বর অনুুষ্ঠিত হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর সাভার প্রতিনিধি জানান, সকালে পিকেটাররা ঢাকা-আরিচা ও ঢাকা-টাঙ্গাইল মহসড়কের বিভিন্ন স্থানে টায়ারে আগুন দিয়েছিলো। মহাসড়কে দূরপাল্লার কোনো যানবাহন চলছে না। দলের চেয়ারপারসন খালেদা জিয়াকে শনিবার ঢাকা সেনানিবাসের বাড়ি থেকে 'উৎখাতের' প্রতিবাদে রোববার সারাদেশে ভোর ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এই হরতালের ডাক দেয় বিএনপি। বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন শনিবার দুপুরে নয়া পল্টনে বিএনপি কার্যালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে এ কর্মসূচি ঘোষণা করেন। হরতালের এ কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালনের জন্য দলীয় নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান বিএনপি মহাসচিব। যদিও হরতালের কর্মসূচি ঘোষণার সময় থেকে বিএনপি কার্যালয়ের আশপাশে দুটি বাসে আগুন ধরিয়ে দেওয়া হয়। হাইকোর্টের রায় অনুযায়ী ক্যান্টনমেন্ট বোর্ড সেনানিবাসের মইনুল সড়কের বাড়ি খালি করার উদ্যোগ নিলে শনিবার সকাল থেকে বিএনপি নেতাকর্মীরা তার প্রতিবাদ জানাতে থাকে। এর মাঝে বেলা ৩টার দিকে খালেদা জিয়া সেনানিবাসের বাড়ি ছাড়েন। সাবেক প্রধানমন্ত্রী খালেদার অভিযোগ, তাকে জোর করে সেনানিবাসের বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে। ১৯৮১ সালের ৩০ মে রাষ্ট্রপতি জিয়াউর রহমান চট্টগ্রাম সার্কিট হাউজে নিহত হওয়ার পর ওই বছরের ১২ জুন অস্থায়ী রাষ্ট্রপতি বিচারপতি আবদুস সাত্তার শহীদ মইনুল সড়কের ৬ নম্বর বাড়িটি খালেদা জিয়ার নামে বরাদ্দ দেন। বর্তমান সরকার ক্ষমতায় যাওয়ার পর ওই বাড়ির ইজারা বাতিল করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এসএম/পিসি/এজে/০৯৪৫ ঘ.