গাজীপুর, নভেম্বর ১৩ (বিডিনিউজ টোয়ন্টিফোর ডটকম)- গাজীপুর সদরের হাজীর পুকুর এলাকায় প্রতিপক্ষের হামলায় এক 'ছাত্রলীগকর্মী'র মৃত্যু হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
শনিবার দুপুরে সাজেদুল মুনায়েম রানার ওপর হামলা চালানো হয়। হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
এ সময় তার গাড়িও ভাংচুর করে হামলাকারীরা।
রানা নিজেকে ছাত্রলীগকর্মী হিসেবে পরিচয় দিলেও ছাত্রলীগ নেতাদের দাবি, তিনি তাদের সংগঠনের কর্মী ছিলেন না।
স্থানীয়দের বরাত দিয়ে জয়দেবপুর থানার উপ-পরিদর্শক মাজহারুল ইসলাম জানান, দুপুর ১টার দিকে রানা নিজের প্রাইভেটকারে বিএইচএমএল কারখানার সামনে গেলে ছাত্রলীগের কেন্দ্রীয় সদস্য মামুন মণ্ডলের সমর্থকরা তাকে গাড়ি থেকে টেনে নামিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও লাঠি দিয়ে আঘাত করে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
রানা নিজেকে স্থানীয় ছাত্রলীগকর্মী বলে পরিচয় দিতেন বলেও পুলিশ কর্মকর্তা জানান।
মামুন মণ্ডল হামলার তার সমর্থকদের জড়িত থাকার কথা অস্বীকার করে বলেন, রানা ছাত্রলীগকর্মী ছিলেন না। তিনি এলাকায় সন্ত্রাসী হিসেবে পরিচিত ছিলেন।
স্থানীয় কারখানার ঝুটের ব্যবসা নিয়ে বিরোধের জেরে এ হামলা হয়ে থাকতে পারে বলে তিনি জানান।
রানার চাচাত ভাই হেলাল উদ্দিন হেলাল রাত ১১টায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এ ঘটনায় মামুন মণ্ডলসহ ১৯ জনকে আসামি করে রানার বাবা গিয়াস উদ্দিন মিয়া থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।
বিডিনিউজ টোয়ন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩০৮ ঘ.
bdnews24