ঢাকা, নভেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপি'র চেয়ারপার্সন খালেদা জিয়া শনিবার রাতে তার ছোট ভাই শামীম ইস্কান্দারের বাসায় থাকবেন বলে জানিয়েছেন দলটির জ্যেষ্ঠ এক নেতা।
রাত সাড়ে ৭টায় সংবাদ সম্মেলন করার পরপরই খালেদা তার নিসান পেট্রোল গাড়িতে করে শামীম ইস্কান্দারের বাসায় যান। এ সময় তার মেজভাই সাঈদ ইস্কান্দরও সঙ্গে ছিলেন।
শামীম ইস্কান্দর গুলশান-২ এ নিজের বাসায় থাকেন।
খালেদা জিয়া তার বড় ছেলে তারেক রহমান ও ছোট ছেলে আরাফাত রহমান কোকোর সঙ্গে বাড়ি ছাড়ার ঘটনা নিয়ে মোবাইল ফোনে কথা বলেছেন। তারেক বর্তমানে এক মামলায় জামিনে লন্ডন এবং আরাফাত আরেকর মামলায় পারোল শেষ হওয়া সত্ত্বেও ব্যাংককে অবস্থান করছেন। আরাফাতের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।
গুলশানে কার্যালয় থেকে খালেদা জিয়ার গাড়ি বের হওয়ার সময় দলীয় নেতাকর্মীরা কান্নায় ভেঙে পড়ে। এ সময় দলের মহাসচিবসহ সিনিয়র নেতারা তার গাড়িকে এগিয়ে দেন।
১৯৭২ সাল থেকে অ্যাডজুট্যান্ট জেনারেল হিসেবে জিয়াউর রহমান খালেদা জিয়াকে নিয়ে শহীদ মইনুল সড়কের ৬ নং বাড়িতে ওঠেন।
বিকাল ৩টার সময় বিরোধীদলীয় নেতা সেনানিবাসের বাড়ি ছাড়ার পর আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এর পরিচালক শাহীনুল ইসলাম সাংবাদিকদের বলেন, "হাইকোর্টের রায়ের প্রতি শ্রদ্ধা দেখিয়ে সাবেক প্রধানমন্ত্রী বাড়িটি ছেড়ে দিয়েছেন। এজন্য ক্যান্টনমেন্ট বোর্ডও তাকে সম্মান জানিয়েছে।"
২০০৯ সালের ২০ এপ্রিল খালেদা জিয়াকে সেনানিবাসের বাড়ি ছাড়ার নোটিশ দেয় সামরিক ভূমি ও সেনানিবাস অধিদপ্তর। এর বৈধতা চ্যালেঞ্জ করে একই বছরের ৩ মে খালেদা জিয়া হাইকোর্টে রিট আবেদন করেন।
পরে ওই বছর ৭ ও ২৪ মে আরো দুই দফায় খালেদা জিয়াকে সেনানিবাসের বাড়ি ছাড়তে নোটিশ দেওয়া হয়।
খালেদার রিট আবেদন চলতি বছরের ১৩ অক্টোবর খারিজ করে দেয় হাইকোর্ট। রায়ে ১২ নভেম্বরের মধ্যে বাড়ি খালি করতে বলা হয়। এর বিরুদ্ধে খালেদা আপিলের আবেদন (লিভ টু আপিল) করেন। আপিল বিভাগে এর শুনানি চলছে। হাইকোর্টের রায় স্থগিত না করেই শুনানি ২৯ নভেম্বর পর্যন্ত মুলতবি করা হয়েছে।
খালেদা জিয়াকে ঢাকা সেনানিবাসের মইনুল সড়কের বাড়ি থেকে 'উৎখাতের' প্রতিবাদে রোববার সারাদেশে হরতাল ডেকেছে বিএনপি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/পিডি/২১১০ ঘ.
bdnews24