ঢাকা, নভেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাম রাজনৈতিক দলগুলোকে এক হওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি মনজুরুল আহসান খান।
তিনি মঙ্গলবার মিত্র দল বাসদের প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় বলেন, "আমাদের মাঝে দেয়াল রেখে লাভ নেই। দেশের সম্পদ রক্ষায় রাজনৈতিক ক্ষমতা বদলে আমাদের একসঙ্গে নামতে হবে।"
বাসদের সাধারণ সম্পাদক খালেকুজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভায় সিপিবি সভাপতি ছাড়া বিভিন্ন কমিউনিস্ট দলের নেতা এবং তেল-গ্যাস সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির আহ্বায়ক শেখ মুহাম্মদ শহীদুল্লাহ বক্তব্য রাখেন।
বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী এবং রুশ বিপ্লবের ৯৩তম বার্ষিকী উপলক্ষে এ সভা হয়।
সিপিবি সভাপতি মনজুর বলেন, "আমরা বহু ধরনের ক্ষমতা দেখেছি। একদলীয়, বহুদলীয়, মার্শাল ল, রাষ্ট্রপতিশাসিত, সংসদীয় গণতন্ত্র, তত্ত্বাবধায়ক, সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার- সবই আমরা দেখেছি। সব এক্সপেরিমেন্ট শেষ। বিপ্লব ছাড়া কোনো সমস্যার সমাধান হবে না।"
মোহাম্মদ শহীদুল্লাহ খনিজ সম্পদ রক্ষার আন্দোলনের সফলতা নিশ্চিত করার জন্য জনগণকে সচেতন করার আহবান জানান।
তিনি বলেন, "খনিজ সম্পদের শতভাগ মালিকানা আমাদের নিশ্চিত করতে হবে। উত্তোলন ও বিতরণও আমাদের হাতে থাকতে হবে। এজন্য, সব বাম শক্তিকে এক হতে হবে।"
বাসদ সাধারণ সম্পাদক খালেকুজ্জামান বলেন, "শ্রেণী বৈষম্য উৎখাত হয়ে সাম্যবাদ কায়েম না হওয়া পর্যন্ত বিপ্লব চলবে। সমাজ কখনো এক জায়গায় থাকে না। সমাজ টিকবে না। পুঁজিবাদী সমাজ টিকবে না।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমআই/২২১৯ ঘ.
bdnews24