২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংসদে ফেরার পরিবেশ সৃষ্টি হয়নি: খালেদা

সংসদে বিরোধী দলের ফেরার পরিবেশ এখনো সৃষ্টি হয়নি বলে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত জেমস এফ মরিয়ার্টিকে বলেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Nov 2010, 03:41 PM

Updated : 25 Aug 2022, 07:34 PM

ঢাকা, নভেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংসদে বিরোধী দলের ফেরার পরিবেশ এখনো সৃষ্টি হয়নি বলে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত জেমস এফ মরিয়ার্টিকে বলেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। মরিয়ার্টি মঙ্গলবার বিএনপি চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে গিয়ে খালেদার সঙ্গে বৈঠক করেন। দুদিন আগেই প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন যুক্তরাষ্ট্রের দূত। বৈঠকের পর জেমস এফ মরিয়ার্টি সাংবাদিকদের বলেন, "বিরোধী দলীয় নেতা বলেছেন, সংসদে সরকার ও বিরোধী দলের এক সঙ্গে কাজ করা উচিৎ বলে তিনি মনে করেন। আগামীতে সংসদে তিনি তার ভূমিকা রাখবেন।" সংসদ কার্যকর করতে সরকার ও বিরোধী দলের এক সঙ্গে কাজ করা উচিৎ বলে মন্তব্য করেন রাষ্ট্রদূত। সন্ধ্যা ৭টা থেকে ঘণ্টাব্যাপী বৈঠকে খালেদা আন্তর্জাতিক, আঞ্চলিক ও দ্বি-পাক্ষিক বিষয় নিয়ে মরিয়ার্টির সঙ্গে আলোচনা করেন। বৈঠকে বিএনপির সহসভাপতি ও সাবেক পররাষ্ট্র সচিব শমসের মবিন চৌধুরী ও যুক্তরাষ্ট্র দূতাবাসের পলিটিক্যাল অফিসার জন ড্যানিলুইজ উপস্থিত ছিলেন। শমসের মবিন সাংবাদিকদের বলেন, "বিরোধীদলীয় নেতা বলেছেন, সংসদ একটি গুরুত্বপূর্ণ স্থান। তবে সেখানে যাওয়ার পরিবেশ এখনো সৃষ্টি হয়নি।" প্রধান বিরোধী দল বিএনপি দীর্ঘদিন ধরে সংসদ বর্জন করে আসছে। সংসদের আগামী অধিবেশন বসছে ৫ ডিসেম্বর, তবে তাতে বিএনপির অংশগ্রহণ এখনো অনিশ্চিত। তবে স্পিকার ও সরকারি দলের পক্ষ থেকে তাদের সংসদে ফিরতে আহ্বান জানানো হচ্ছে। শমসের জানান, ভারতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার সফরের বিষয়টি বিরোধীদলীয় নেতাকে অবহিত করছেন রাষ্ট্রদূত। তিনি (মরিয়ার্টি) বলেছেন, এই সফরের মাধ্যমে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র নীতিতে এশিয়া অঞ্চলের অগ্রাধিকারের বিষয়টি স্পষ্টতর হয়েছে। বিএনপি চেয়ারপারসন তার সরকারের সময়ে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ সম্পর্কের কথা তুলে ধরেন বলে শমসের জানান। দুজনের আলোচনায় দুদেশের বাণিজ্য সম্পর্ক বাড়ানোর বিষয়টিও স্থান পায় বলে জানান তিনি। শমসের বলেন, বাংলাদেশের উন্নয়ন, খাদ্য নিরাপত্তা, জলবায়ু পরিবর্তন ও বিশ্ব স্বাস্থ্য প্রভৃতি বিষয় নিয়ে আলোচনা হয়েছে। রাজনৈতিক বিষয়ের মধ্যে সংসদ কার্যকর করা নিয়ে আলোচনা হয় বলে তিনি জানান। মরিয়ার্টির পর রাত সাড়ে ৮টায় খালেদা জিয়ার সঙ্গে দেখা করেন সৌদি আরবের রাষ্ট্রদূত আবদুল্লাহ বিন নাসের আল বুশাইরি। তা সৌজন্য সাক্ষাৎ বলে বিএনপি নেতারা জানিয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/২১৩৬ ঘ.