ঢাকা, নভেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আইন প্রতিমন্ত্রী বলেছেন, খালেদা জিয়ার ঢাকা সেনানিবাসের বাড়ি রক্ষার নামে বিএনপি অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির জন্য আন্দোলন করলে ক্ষমতাসীন দলও ছাড় দেবে না।
ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সোমবার এক আলোচনা সভায় আইন প্রতিমন্ত্রী কামরুল বলেন, "রাজপথ কাউকে ইজারা দেওয়া হয়নি।"
ঢাকা সেনানিবাসের মইনুল সড়কের বাড়ি ছাড়তে সরকারের দেওয়া নোটিশের বৈধতা চ্যালেঞ্জ করে খালেদার করা রিট আবেদন গত ১৩ অক্টোবর খারিজ করে হাইকোর্ট। একমাসের মধ্যে বিএনপি চেয়ারপার্সনকে ওই বাড়ি ছাড়তেও বলা হয়।
হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সোমবার আপিলের আবেদন করেছেন খালেদা জিয়া। বাড়ি ছাড়ার জন্য খালেদাকে দেওয়া সময় ১২ নভেম্বর শেষ হচ্ছে।
গত ০৫ নভেম্বর খালেদার ওই বাড়িছাড়া প্রসঙ্গে বিএনপি নেতা মওদুদ আহমেদ জানান, এ বিষয়টির নিষ্পত্তি রাজপথেই হবে। তিনি বলেন, "উচ্চতর আদালতের রায় যা-ই হোক না কেন, খালেদা জিয়ার বাড়ি ইস্যুটি রাজপথেই নিষ্পত্তি হবে।"
বাড়িছাড়া নিয়ে আন্দোলন প্রসঙ্গে কামরুল বলেন, "সেনানিবাসের বাড়ি রক্ষার জন্য আদালতেরও আশ্রয় নেবেন আবার হুমকি দেবেন রাজপথে সমাধান করবেন।"
তিনি বলেন, "বিরোধী দলের রাজনীতি তারেক, কোকো আর সেনানিবাসের বাড়ি রক্ষা করা জন্য। এছাড়া তাদের আর কোনো ইস্যু নেই।"
'জেল হত্যা দিবস এবং যুদ্ধাপরাধীদের বিচার' শীর্ষক আলোচনা সভাটি আয়োজন করে বাংলাদেশ স্বপ্নকুঁড়ি ফাউণ্ডেশন।
জেল হত্যা প্রসঙ্গে আইন প্রতিমন্ত্রী বলেন, "১৯৭৫ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবকে যারা হত্যা করেছিলো সেই অপশক্তি আওয়ামী লীগকে নেতৃত্বশূন্য এবং মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে শেষ করে দিতে জাতীয় চার নেতাকে জেলখানায় হত্যা করে।"
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যার পর ১৯৭৫ সালের ৩ নভেম্বর তার ঘনিষ্ঠ রাজনৈতিক সহচর সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, এম মনসুর আলী ও মো. কামরুজ্জামানকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে হত্যা করা হয়।
যুদ্ধাপরাধীদের বিচার প্রসঙ্গে কামরুল জানান, ইতোমধ্যে চিহ্নিত কয়েকজন যুদ্ধাপরাধীকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদেরও গ্রেপ্তার করা হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/পিডি/১৯৪৮ ঘ.
bdnews24