জগন্নাথ বিশ্ববিদ্যালয়, নভেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সরকার সমর্থক ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে পাঁচ জন আহত হয়েছে।
রোববার দুপুর ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিনে বসাকে কেন্দ্র করে ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি কামরুল হাসান রিপন এবং সাধারণ সম্পাদক গাজী আবু সাঈদের সমর্থকদের মধ্যে এ সংঘাত বাঁধে বলে প্রত্যক্ষদর্শীরা জানায়।
আহতরা হলেন- সমাজবিজ্ঞানের ছাত্র মো. ইউনূস আলী, বাংলা বিভাগের শরিফ হাসান ও উৎপল কুমার, প্রাণীবিজ্ঞানের ইমরান হোসেন ও ইতিহাস বিভাগের রাকিবুল হাসান।
এদের মধ্যে ইউনূস ও শরিফকে সুমনা ক্লিনিকে ভর্তি করা হয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) আতাউর রহমান সাংবাদিকদের বলেন, সাধারণ সম্পাদক গ্র"পের ইউনূস আলী ও শরিফ হাসানের সঙ্গে সভাপতি গ্র"পের উৎপল, ইমরান ও রাকিবুলের চেয়ারে বসাকে কেন্দ্র করে কথা কথাকাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ বাঁধে।
তবে পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে বলে জানান তিনি।
সভাপতি কামরুল সাংবাদিকদের বলেন, "নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি হয়েছে। দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/এমআই/১৫৪৫ ঘ.
bdnews24