২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সরকারের অপকর্ম রুখে দিতে হবে: ফখরুল

আগামীতে সরকারের সব অপকর্ম রুখে দেওয়া হবে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Nov 2010, 10:19 AM

Updated : 25 Aug 2022, 07:33 PM

ঢাকা, নভেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামীতে সরকারের সব অপকর্ম রুখে দেওয়া হবে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার দুপুরে এক আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, "আজ দেশে বিনিয়োগ বন্ধ, কর্মসংস্থ্ান নেই। প্রতিদিন বিদেশে বাংলাদেশীরা চাকুরিহারা হচ্ছেন। সর্বক্ষেত্রে ব্যর্থ এই সরকারের অপকর্ম আগামীতে রুখে দিতে হবে। এজন্য এখন সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনে নেমে পড়তে হবে।" মির্জা ফখরুল ৭ নভেম্বরের ঐতিহাসিক ঘটনাবলী তুলে ধরে বলেন, "১৯৭৫ সালের নভেম্বরে জাতি যখন হতাশা ও অন্ধকারে নিমজ্জিত তখন এই দিনে বিপ্লব আলোর পথ দেখিয়েছে। ৩৫ বছর আগের সেই সময়ের মতো আজ দেশ সেই রকম অবস্থার মধ্যে নিমজ্জিত। গণতন্ত্রের লেবাসে একদলীয় শাসনে দেশ চলছে।" প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করে তিনি বলেন, "তিনি দেশের রাজনৈতিক দর্শনে পরিবর্তন এনেছিলেন। বিভাজনের রাজনীতি থেকে দেশকে নতুন পথে পরিচালিত করেছিলেন। চালু করেছিলেন সমাজতন্ত্রের পরিবর্তে মুক্তবাজার অর্থনীতি।" একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবেলায় সরকারের ব্যর্থতারও সমালোচনা করেন মির্জা ফখরুল। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেন বলেন, "দুইজন বির্তকিত ব্যক্তিকে বিচারক হিসেবে শপথ করিয়ে সুপ্রিম কোর্টের ভাবমূর্তি ক্ষুন্ন করা হয়েছে। এটা আমাদের জন্য দুভার্গ্যজনক। যেখানে সর্বোচ্চ বিচারালয়ের অবস্থা এমন, সেখানে আমাদের আন্দোলনে নামা ছাড়া কোনো বিকল্প নেই।" ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডীন ও শিক্ষক সমিতির সাবেক সভাপতি অধ্যাপক সদরুল আমিনের সভাপতিত্বে আলোচনা সভায় বিএনপির উপদেষ্টা কাউন্সিলের সদস্য শওকত মাহমুদ, এ জেড এম জাহিদ হোসেন, যুগ্ম মহাসচিব মাহবুব উদ্দিন খোকন, রুহুল কবীর রিজভী, ধর্ম বিষয়ক সম্পাদক মাসুদ আহমেদ তালুকদার, ঢাকা আইনজীবী সমিতির সভাপতি সানাউল্লাহ মিয়া, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক মুস্তাহিদুর রহমান, শিক্ষক-কর্মচারি ঐক্যজোটের সভাপতি অধ্যক্ষ সেলিম ভূঁইয়া, জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোটের সভাপতি চাষী নজরুল ইসলাম প্রমূখ বক্তব্য রাখেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/কেএমএস/১৬০৫ ঘ.