ঢাকা, নভেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গুলশানে দলীয় চেয়ারপার্সনের কার্যালয়ের কাছে র্যাব-পুলিশের অবস্থান নেওয়ার প্রতিবাদ জানিয়ে নজরুল ইসলাম খান বলেছেন, অবরুদ্ধ করে বিএনপিকে নিশ্চিহ্ন করা যাবে না।
বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন কর্মসূচিতে তিনি এ কথা বলেন।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল বলেন, "সরকার খালেদা জিয়াকে নেতা-কর্মী ও জনগণ থেকে বিচ্ছিন্ন করে রাখতে তার কার্যালয় গতকাল (মঙ্গলবার) রাতে অবরুদ্ধ করে রেখেছিলো। এটা সরকারের স্বৈরতান্ত্রিক মানসিকতা। এরকম অবরুদ্ধ করার রাজনীতি করে বিএনপিকে নিশ্চিহ্ন করা যাবে না।"
খালেদা জিয়ার গুলশানের কার্যালয়ের কাছে মঙ্গলবার রাতে র্যাব-পুলিশের তিনটি গাড়ি অবস্থান নেয়। পরে রাত পৌনে ১টার দিকে গাড়িগুলো চলে যায়। বিএনপি তাৎক্ষণিকভাবে এর প্রতিবাদে মিছিল করে।
এ ঘটনা অস্বাভাবিক ও অগণতান্ত্রিক উল্লেখ করে বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া সরকারের কাছে এর ব্যাখ্যা দাবি করেছেন। অন্যদিকে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বলেছেন, সরকারকে নাজেহাল করতে বিএনপি 'নাটক' করেছে।
নজরুল বলেন, "বিরোধী দলীয় নেতার কার্যালয় ঘেরাও করে এক ভীত-সন্ত্রস্ত পরিবেশ সৃষ্টি করা হয়েছে। এটা অগণতান্ত্রিক ও অবৈধ।"
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, "এর মাধ্যমে গণতন্ত্রের লেবাসধারী সরকারের মুখোস উন্মোচিত হয়ে গেছে। তারা যে গণতন্ত্রী নয়, এটা তার প্রমাণ।"
খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিবাদে জাতীয়তাবাদী ছাত্রদলের আহ্বানে মানববন্ধন কর্মসূচিতে নজরুল ও আলমগীর অংশ নেন।
বিএনপির যুগ্ম মহাসচিব আমানউল্লাহ আমান, রুহুল কবির রিজভী, অর্থনৈতিক বিষয়ক সম্পাদক আবদুস সালাম, সংসদে বিরোধীদলীয় প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুক, বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিবউন নবী খান সোহেল, বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক নাসিরউদ্দিন অসীম, ছাত্রদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম খান আলিমসহ দুই শতাধিক কর্মী কর্মসূচিতে অংশ নেয়।
মানববন্ধন কর্মসূচির সময়ে পুলিশের পাশাপাশি র্যাব সদস্যরা কাছাকাছি দাঁড়িয়ে ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১৩৪৫ ঘ.
bdnews24