২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'মধ্যবর্তী নির্বাচনের দাবি বিএনপি তোলেনি'

বিএনপির প্রভাবশালী এক নেতা সমাবেশে মধ্যবর্তী নির্বাচনের দাবি করলেও সে দাবি দলের নয় বলে জানিয়েছেন খোন্দকার দেলোয়ার হোসেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2010, 01:19 PM

Updated : 25 Aug 2022, 07:32 PM

ঢাকা, নভেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপির প্রভাবশালী এক নেতা সমাবেশে মধ্যবর্তী নির্বাচনের দাবি করলেও সে দাবি দলের নয় বলে জানিয়েছেন খোন্দকার দেলোয়ার হোসেন। বিএনপি মহাসচিব মঙ্গলবার সাংবাদিকদের বলেন, "বিএনপির পক্ষ থেকে মধ্যবর্তী নির্বাচন দাবি করা হয়নি। তবে আমাদের দলের কেউ কেউ এ দাবি করেছেন। আমরা জনগণের কাছে সরকারের ব্যর্থতাগুলো তুলে ধরছি। জনমত সংগঠিত করছি।" কয়েকদিন আগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন মধ্যবর্তী নির্বাচনের দাবি তোলেন। তিনি শুক্রবার যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে বলেন, "দেশকে রক্ষা করতে হলে মধ্যবর্তী নির্বাচন এখন সময়ের দাবি। নির্বাচন দিয়ে সরকার যেন ক্ষমতা ছেড়ে দিতে বাধ্য হয়, সে জন্য যুব সমাজকে আন্দোলনের প্রস্তুতি নিতে হবে।" এর প্রতিক্রিয়ায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম সংসদে অনাস্থা প্রস্তাব আনার জন্য বিএনপির প্রতি আহ্বান জানিয়েছেন। আশরাফ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে বলেন, "সংসদে আসুন। অনাস্থা প্রস্তাব তুলে ধরুন। সংসদ অনাস্থা প্রস্তাব গ্রহণ করলে আমরা আর একদিনও ক্ষমতায় থাকবো না।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১৯১৬ ঘ.