২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সমাবেশে পরোক্ষ বাধার অভিযোগ বিএনপির

আগামী ৭ নভেম্বর ঢাকায় সমাবেশের জন্য অনুমতি চাওয়া হলেও সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো সাড়া দিচ্ছে না বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2010, 12:44 PM

Updated : 25 Aug 2022, 07:32 PM

ঢাকা, নভেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী ৭ নভেম্বর ঢাকায় সমাবেশের জন্য অনুমতি চাওয়া হলেও সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো সাড়া দিচ্ছে না বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন। তিনি মঙ্গলবার নয়া পল্টনে দলীয় কার্যালয়ে সাংবাদিকদের বলেন, "আমরা ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস গুরুত্বের সঙ্গে উদযাপন করতে চাই। ঢাকায় সমাবেশের জন্য সরকারের কাছে আমরা আবেদনও জানিয়েছি। কিন্তু আজো কোনো জবাব পাওয়া যায়নি।" "সরকারকে বলবো, আমাদের শান্তিপূর্ণ সমাবেশের জায়গার অনুমতি তাড়াতাড়ি দিন। আর অনিশ্চয়তার মধ্যে রাখবেন না", বলেন তিনি। বিএনপি মহাসচিব দাবি করেন, পল্টন ময়দানের জন্য ২০ অক্টোবর জাতীয় ক্রীড়া পরিষদের কাছে আবেদন জানানো হয়েছিলো। কিন্তু তা পাওয়া যায়নি। "এক স্বল্প অজুহাতে পল্টন ময়দান ব্যবহারের অনুমতি আমাদের দেওয়া হয়নি। অন্য চারটি স্থানে সমাবেশের আবেদন করেছি আমরা", বলেন দেলোয়ার। অনুমতি না দেওয়ার মধ্য দিয়ে সরকার শান্তিপূর্ণ সমাবেশ করতে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে বলে অভিযোগ করেন তিনি। বিএনপি মহাসচিব বলেন, প্রশাসনের মাধ্যমে ১৪৪ ধারা জারি করে বিভিন্ন স্থানে বিএনপির সভায় বাধা দেওয়া হচ্ছে। তিনি জানান, ৭ নভেম্বর উদযাপনে সারাদেশে বিএনপি নানা কর্মসূচি পালন করবে। কেন্দ্রীয়ভাবে ৩ নভেম্বর থেকে ১০ দিনের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। ৭ নভেম্বর সরকারি ছুটি বাতিলের সমালোচনা করে দেলোয়ার বলেন, "আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসে, তখনই এ সরকারি ছুটি বাতিল করে। কিন্তু দেশের মানুষের হৃদয় ও ইতিহাস থেকে ৭ নভেম্বরকে মুছে ফেলা যাবে না।" মধ্যবর্তী নির্বাচনের দাবির এখনো বিএনপি তোলেনি জানিয়ে মহাসচিব বলেন, "বিএনপির পক্ষ থেকে মধ্যবর্তী নির্বাচন দাবি করা হয়নি। তবে আমাদের দলের কেউ কেউ এ দাবি করেছেন। আমরা জনগণের কাছে সরকারের ব্যর্থতাগুলো তুলে ধরছি। জনমত সংগঠিত করছি।" কয়েকদিন আগে যুবদলের সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন মধ্যবর্তী নির্বাচনের দাবি তোলেন। নয়া পল্টনের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার আগে ৭ নভেম্বরের কেন্দ্রীয় সমাবেশ সফল করতে ঢাকা জেলাসহ আশ-পাশের জেলাগুলোর নেতাদের সঙ্গে বৈঠক করেন বিএনপি মহাসচিব। এ সময় উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য আর এ গনি, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, রফিকুল ইসলাম মিয়া, আবদুল মঈন খান, উপদেষ্টা কাউন্সিলের সদস্য অধ্যাপক আবদুল মান্নান, সিনিয়র যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান, রুহুল কবির রিজভী প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১৮৪০ ঘ.