২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কোকোকে সাজা দিতেই এত তড়িঘড়ি: বিএনপি

আরাফাত রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি তাকে সাজা দিতে তড়িঘড়ির ইঙ্গিত বলে মনে করছে বিএনপি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Nov 2010, 10:03 AM

Updated : 25 Aug 2022, 07:31 PM

ঢাকা, নভেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আরাফাত রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি তাকে সাজা দিতে তড়িঘড়ির ইঙ্গিত বলে মনে করছে বিএনপি। বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন বলেছেন, "সরকার কোকোকে সাজা দেওয়ার জন্য মামলাটি বেশি গুরুত্ব দিচ্ছে বলে জনমনে প্রতীয়মান হয়েছে। কারণ পুলিশের হাতে হাজার হাজার মামলা দীর্ঘদিন ধরে ঝুলে আছে, সেগুলোর কোনোটিরই চার্জশিট হচ্ছে না। "কোকোর বিরুদ্ধে দায়ের করা মামলাটি সরকার বিশেষ গুরুত্ব দিয়ে দ্রুত চার্জশিট দিয়েছে। এখন গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।" অর্থপাচার মামলায় খালেদা জিয়ার ছোট ছেলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির একদিন পর সোমবারই বিএনপি মহাসচিব একথা বললেন। দেলোয়ার বলেন, কোকো থাইল্যান্ডে চিকিৎসাধীন। তিনি এখনো সুস্থ হননি। কোকোর ন্যায় বিচার পাওয়া নিয়ে সংশয় প্রকাশ করে বিএনপি মহাসচিব বলেন, "দলীয়করণের কারণে বর্তমানে বিচারপ্রার্থীরা ন্যায়বিচার পাচ্ছে না।" "একদিকে সরকার তার দলের সব মামলা প্রত্যাহার করে নিচ্ছে। আর বিরোধী দলের বেলায় একের পর এক মামলা দিচ্ছে। এরকম যদি সরকারের অবস্থান হয়, সেখানে ন্যায় বিচার কোথায় থাকে", বলেন তিনি। দেলোয়ার বলেন, "সরকারি দল তাদের নিজেদের সব মামলা প্রত্যাহার করে নাকে সরিষার তেল দিয়ে ঘুমাচ্ছেন। অন্যদিকে বিরোধী দল বিএনপিকে মামলা দৌড়ের মধ্যে রাখছে। এটা গণতান্ত্রিক আচরণ নয়।" নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ ব্রিফিংয়ে দেলোয়ার অভিযোগ করেন, খাগড়াছড়ির আদালতে হাজিরা দিতে যাওয়ার পথে সোমবার বিরোধীদলীয় প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুকসহ দলীয় নেতাদের ওপর হামলা চালিয়েছে আওয়ামী লীগ নেতা-কর্মীরা। তিনি বলেন, "মামলায় হাজিরা দিতে গিয়েও এখন রেহাই পাওয়া যাচ্ছে না। সরকারি দলের ক্যাডাররা হামলা চালাচ্ছে আদালত প্রাঙ্গণেই। বাসায় গিয়ে সাদা পোশাকধারীরা হেনস্তা করছে। এভাবে সরকার আইনের বাইরে কাজ করে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করছে।" ৭ নভেম্বরের কর্মসূচি বরাবরের মতোই আগামী ৭ নভেম্বর 'জাতীয় বিপ্লব ও সংহতি দিবস' হিসেবে পালন করছে বিএনপি। এ উপলক্ষে কর্মসূচি ঘোষণা করেছে দলটি। নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে যৌথসভা দিবসের কর্মসূচি ঠিক করা হয়। ৭ নভেম্বর ভোরে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা তোলা হবে। সকাল ১০টায় খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি নেতাকর্মীরা শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের কবরে ফুল দেবেন। বিকালে হবে আলোচনা সভা। খোন্দকার দেলোয়ার বলেন, "আওয়ামী লীগ ক্ষমতায় এলেই ৭ নভেম্বরের ছুটি বাতিল করে দেয়। এবারো তাই করেছে। এখন তারা আমাদের সভা-সমাবেশ বানচাল করতে পরিকল্পিতভাবে ১৪৪ ধারা জারি করছে। আমরা শঙ্কায় আছি- এবার ৭ নভেম্বরের কর্মসূচি পালনে প্রতিবন্ধকতা সৃষ্টিতে তারা কী পরিকল্পনা করে।" দেলোয়ারের সভাপতিত্বে যৌথসভায় দলের স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, সহসভাপতি আবদুল্লাহ আল নোমান, আলতাফ হোসেন চৌধুরী, রাজিয়া ফয়েজ, সিনিয়র যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, উপদেষ্টা কাউন্সিলের সদস্য এ জেড এম জাহিদ হোসেন, যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান, সালাহউদ্দিন আহমেদ, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, ইলিয়াস আলী, অর্থ বিষয়ক সম্পাদক আবদুস সালামসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১৬০০ ঘ.