মৌলভীবাজার, অক্টোবর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় জামিন নামঞ্জুর করে বিএনপির এক কেন্দ্রীয় নেতাসহ চারজনকে কারাগারে পাঠিয়েছে মৌলভীবাজারের একটি আদালত।
এরা হলেন- বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মুজিবুর রহমান চৌধুরী ও তার ভাই কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান উপজেলা বিএনপি সভাপতি শামীম আহম্মদ চৌধুরী, কমলগঞ্জ সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলাম কিবরিয়া শফি ও মাধবপুর ইউপি চেয়ারম্যান পুষ্প কুমার কানু।
মঙ্গলবার নারী ও শিশু নির্যাতন দমন আদালতের বিচারক জেলা ও দায়রা জজ হাসান শহীদ ফেরদৌস এ আদেশ দেন।
নারী ও শিশু দমন নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিশেষ পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আমিরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কমলগঞ্জ উপজেলার পাত্রখোলা চা বাগানের সালমা বেগম বাদি হয়ে গত ১৯ জুন চারজনের বিরুদ্ধে কমলগঞ্জ থানায় মামলা করেন।
এ মামলায় আসামিরা মঙ্গলবার আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন।
আদালত শুনানি শেষে জামিন নামঞ্জুর করে চারজনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/এমএসবি/১৭৫২ ঘ.
bdnews24