ব্রাহ্মণবাড়িয়া, অক্টোবর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় ক্ষমতাসীন আওয়ামী লীগ ও বিরোধীদল বিএনপির সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে।
এতে অন্তত ২৫ জন আহত হয়েছে। সংঘর্ষ চলাকালে ২৫টি ঘর-বাড়ি ভাংচুর ও লুটপাটের শিকার হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ফাঁকা গুলি ছোড়ে।
মঙ্গলবার সকালে উপজেলার জালালপুরে এই সংঘর্ষের ঘটনা ঘটে বলে পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে।
স্থানীয় বাসিন্দা খুরশেদ মিয়া সাংবাদিকদের জানান, জালালপুরের একটি ইটভাটার মালিকানা নিয়ে বিরোধের জের ধরে স্থানীয় বিএনপি নেতা ডলার চৌধুরী ও আওয়ামী লীগ নেতা আলমগীরের সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাঁধে।
খবর পেয়ে ইসলামপুর পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) প্রভাষ ধরের নেতৃত্ব্ েএকদল পুলিশ ঘটনাস্থলে যায়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ১০ রাউন্ড শটগানের ফাঁকা গুলি করে বলে জানিয়েছেন এসআই প্রভাষ।
সংঘর্ষে আহতদের মধ্যে ১০ জনকে ঢাকা ও ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এরা হলেন- ইদ্রিস মিয়া (৪৫), আনোয়ার (৪০), আলী মিয়া (৩৫), ইয়াসমিন (৩২), দুলাল (২৬), জজ মিয়া (৪০), হাবিবুর রহমান (৩৫), জারু মিয়া (৩২), নবী রহমান (৩৫) ও সায়েদ মিয়া (৩১)।
পুলিশ কর্মকর্তা প্রভাষ জানান, আবার যাতে সংঘর্ষের ঘটনা না ঘটে সেজন্য ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৭০২ ঘ.
bdnews24