২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অনুমতি না থাকলে কেন র‌্যাব-পুলিশ ছিলো: নজরুল

সিরাজগঞ্জের জনসভাস্থলে আইন-শৃঙ্খলা বাহিনীর উপস্থিতির কথা তুলে ধরে বিএনপি নেতা নজরুল ইসলাম খান দাবি করেছেন, এটাই জনসভার অনুমতি থাকার বিষয়টি প্রমাণ করে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Oct 2010, 09:57 AM

Updated : 25 Aug 2022, 07:07 PM

ঢাকা, অক্টোবর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরাজগঞ্জের জনসভাস্থলে আইন-শৃঙ্খলা বাহিনীর উপস্থিতির কথা তুলে ধরে বিএনপি নেতা নজরুল ইসলাম খান দাবি করেছেন, এটাই জনসভার অনুমতি থাকার বিষয়টি প্রমাণ করে। ট্রেনে কাটা পড়ে প্রাণহানির জন্য সরকারকেই দায়ী করেছেন তিনি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল বলেছেন, প্রধানমন্ত্রী ও যোগাযোগমন্ত্রীর প্ররোচনায় সিরাজগঞ্জে মানুষ 'হত্যা' হয়েছে। এ দায় থেকে তারা মুক্ত হতে পারবেন না। সিরাজগঞ্জে নিহতদের ক্ষতিপূরণ দেওয়ার দাবিও জানিয়েছেন তিনি। সিরাজগঞ্জের সয়দাবাদে গত সোমবার বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সমাবেশস্থলের কাছে ট্রেনে কাটা পড়ে অন্তত পাঁচজন নিহত হয়। এরপর বিএনপি নেতা-কর্মীরা ট্রেনে আগুন ধরিয়ে দেয়। খালেদার দাবি, সরকার বিএনপি নেতা-কর্মীদের হত্যার উদ্দেশ্যেই সেদিন জনসভাস্থলে ট্রেন তুলে দেয়। অন্যদিকে সরকারের বিভিন্ন মন্ত্রী এবং আওয়ামী লীগ বলছে, অনুমতি না নিয়ে রেললাইনের পাশে রেলওয়ের ভূমিতে জনসভা করাই এ দুর্ঘটনার কারণ। এজন্য বিএনপি 'দায়িত্বহীন' আচরণকে দায়ী করছেন তারা। নজরুল ইসলাম শুক্রবার সাংবাদিকদের বলেন, অনুমতি না থাকার বিষয়টি বিভ্রান্তি ছড়ানোর জন্য তোলা হচ্ছে। "জনসভার কথা আগে থেকে স্থানীয় প্রশাসন, রেলওয়ে বিভাগসহ মন্ত্রণালয়কে জানানো হয়েছে। ২/৩ ধরে সেখানে মঞ্চ নির্মাণ ও প্রচার-প্রচারণা চালানো হচ্ছিলো। অথচ ঘটনার পর সরকার বলছে, জনসভার অনুমতি ছিলো না।" "সেখানে পুলিশ প্রশাসন, র‌্যাবসহ সরকারি সবাই ছিলেন। অনুমতি না থাকলে তারা সেখানে কেন অবস্থান করেছেন", সরকারের কাছে প্রশ্ন করেন নজরুল। তিনি ট্রেনচাপায় মৃত্যুর ঘটনার সুষ্ঠু তদন্ত এবং নিহতের ক্ষতিপূরণ দাবি করে বলেন, "এতগুলো তাজা প্রাণ মারা গেলো। তাদের ক্ষতিপূরণ দেওয়া হয়নি। যারা আহত হয়েছেন, তাদের কোনো সুচিকিৎসার ব্যবস্থা নেওয়া হয়নি। অথচ তদন্ত হচ্ছে, ট্রেনের বগি পোড়ানোর।" সরকারবিরোধী আন্দোলনের বিষয়ে নজরুল বলেন, পর্যায়ক্রমে আন্দোলনের কর্মসূচি আসবে। আর তাতে সমমনা দলগুলোকেও সম্পৃক্ত করা হবে। তবে জনদুর্ভোগ সৃষ্টি হতে পারে এমন কোনো কর্মসূচি দেওয়া হবে না, বলেন তিনি। শুক্রবার সকালে নারায়ণগঞ্জ গার্মেন্টস শ্রমিক দলের নতুন কমিটির সদস্যদের নিয়ে শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের কবরে ফুল দেন শ্রমিক দল সভাপতি নজরুল। এসময় শ্রমিক দলের সিনিয়র সহসভাপতি আবুল কাশেম চৌধুরী ও সাধারণ সম্পাদক জাফরুল হাসানসহ কেন্দ্রীয় নেতারাও উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১৫৫৫ ঘ.