২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হত্যার হুমকি দিয়ে কাজ পাইয়ে দেওয়ার অভিযোগ

হত্যার হুমকি দিয়ে নাটোর সদর হাসপাতালে রোগীদের পথ্য সরবরাহের কাজ পাইয়ে দেওয়ার অভিযোগ উঠেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Oct 2010, 04:12 PM

Updated : 25 Aug 2022, 07:06 PM

নাটোর, অক্টোবর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - হত্যার হুমকি দিয়ে নাটোর সদর হাসপাতালে রোগীদের পথ্য সরবরাহের কাজ পাইয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। স্থানীয় আওয়ামী লীগের এক নেতাকে কাজটি পাইয়ে দিতে জেলা ছাত্রলীগের সাবেক নেতা ও পৌরসভার কাউন্সিলর এই হুমকি দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। জেলার সিভিল সার্জন নিরাপত্তা চেয়ে পুলিশের কাছে লিখিত আবেদন (জিডি) করেছেন। খোঁজ নিয়ে জানা গেছে, প্রতি কেজি দুধ, চিড়া, মিষ্টির দাম এক টাকা এবং প্রতি এক'শ গ্রাম ছোট এলাচ, বড় এলাচ, গোলমরিচ, দারুচিনি, লবঙ্গ, গোলমরিচ ও কিসমিসের দাম এক টাকা দাম দিয়ে খাদ্য সরবরাহের আদেশ পেয়েছেন জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক চিত্তরঞ্জন সাহা। তার হয়ে সাবেক এক ছাত্রলীগ নেতা ও বর্তমান নাটোর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোস্তারুল ইসলাম সিভিল সার্জনকে হত্যার হুমকি দিয়ে কাজ পাইয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। চিক্তরঞ্জন সাহা অবশ্য সাংবাদিকদের বলেছেন, কাজ পাইয়ে দেওয়ার জন্য তিনি কাউকে দায়িত্ব দেননি। এভাবে কাজ করতে তিনি চান না। কাউন্সিলর মোস্তারুল ইসলাম বলেন, কাজটি চিত্তরঞ্জন সাহার লাইসেন্সে হলেও তিনিও ওই নামে দরপত্রটি দাখিল করেছিলেন। হাসপাতালের রোগীদের অনেকেই অভিযোগ করেন, সরকার নির্ধারিত খাদ্যতালিকার সঙ্গে ঠিকাদারের সরবরাহ করা খাবারের কোনো মিল থাকে না। খুবই নিু মানের খাবার তাদের সরবরাহ করা হয়। বাধ্য হয়ে বাইরে থেকে খাবার সংগ্রহ করতে হচ্ছে। সদর হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, হাসপাতালের রোগীদের পথ্য সরবরাহের জন্য গত ২ অগাস্ট দরপত্র আহ্বান করা হয়। এতে পাঁচজন ঠিকাদার অংশ নেন। দ্বিতীয় সর্বনিু দর প্রস্তাব করে গত ১১ অক্টোবর খাবার সরবরাহের কাজ আদায় করে নেন চিত্তরঞ্জনের পক্ষে সাবেক এক ছাত্রলীগ নেতা ও তার সহযোগীরা। দরপত্রে প্রতি কেজি দুধ, চিড়া, মিষ্টির দাম এক টাকা। প্রতি এক'শ গ্রাম ছোট এলাচ, বড় এলাচ, গোলমরিচ, দারুচিনি, লবঙ্গ, গোলমরিচ, কিসমিসের দাম এক টাকা। প্রতিটি ডাব এক টাকা, প্রতি মণ লাকড়ি চার টাকা উল্লেখ করা হয়েছে। এভাবে ওই দরপত্রে মাছ মাংস ছাড়া অন্যসব খাদ্যপণ্যের দাম অবিশ্বাস্যভাবে কম দেখানো হয়েছে। এই সরবরাহ আদেশ পাওয়া ব্যবসায়ীর সহদর দিলু সাহা নাটোর শহরের একজন বড় মুদি ব্যবসায়ী। তিনি বর্তমান বাজারমূল্য হিসেবে জানান, বড় এলাচ প্রতি এক'শ গ্রাম তিনশ' টাকা, ছোট এলাচ দেড়'শ টাকা, দারুচিনি কুড়ি টাকা, লবঙ্গ ৭০ টাকা, কিসমিস ৩০ টাকা দরে বিক্রি হচ্ছে। অনান্য দোকানদাররাও একই ধরনের বাজার মূল্যের কথা বলেছেন। এমনকি নাটোর জেলা বাজার অনুসন্ধানকারী কর্মকর্তা অব্দুল গফুরও অনুরূপ বাজার মূল্য সিভিল সার্জন বরাবর দাখিল করেছেন। গত ৬ অক্টোবর খাদ্য সরবরাহদাতা নির্বাচনের জন্য দরপত্র কমিটি সিভিল সার্জন অফিসে সভা করেন। সিভিল সার্জন অভিযোগ করেন, সভা চলাকালে সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ও স্বাধীনতা চিকিৎসক পরিষদের নাটোর জেলা কমিটির সভাপতি আব্দুল গণি চিত্তরঞ্জন সাহার লাইসেন্সে কাজ দেওয়ার জন্য চাপাচাপি করেন। তবে কমিটির অপর সদস্য নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল ইসলাম তাতে রাজি হন নাই। তিনি বাজার অনুসন্ধান কর্মকর্তার দেওয়া মূল্যের সঙ্গে সামঞ্জস্য করে রকিবুল ইসলাম নামের একজনকে খাদ্য সরবরাহের জন্য প্রাথমিকভাবে মনোনীত করেন। সিভিল সার্জন অফিস জানান, গত ১১ অক্টোবর সকাল ১১টায় সিভিল সার্জন তার কার্যালয়ে স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক গাজী সামছুল হক, বিশ্ব স্বাস্থ্য সংস্থার এসএমও ডা. আসাদের সঙ্গে আলাপ করার সময় জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও নাটোর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোস্তারুল ইসলাম কয়েক জন যুবককে সঙ্গে নিয়ে আসেন। তারা সিভিল সার্জনের কক্ষ থেকে ওই কর্মকর্তাদের বের করে দিয়ে দরজা বন্ধ করে দেন। পরে তারা টেলিফোন সেট ফেলে দেন এবং মোবাইল ফোন ব্যবহার করতে নিষেধ করে দেন। এ অবস্থায় ডা. আব্দুল গণি এসে তাদের পক্ষ নিয়ে খাদ্য সরবরাহের কাজ তাদেরকে দেওয়ার জন্য চাপ দেন। সিভিল সার্জন রাজি না হলে ডা. গণি টেবিল চাপড়ে হুঙ্কার দিতে থাকেন। এক পর্যায়ে কাউন্সিলর মোস্তারুল ইসলাম পিস্তলের ভয় দেখিয়ে হত্যার হুমকি দেন। প্রাণভয়ে সিভিল সার্জন সরবরাহকারী নির্ধারণের জন্য তৈরী রেজুলেশনে স্বাক্ষর করতে বাধ্য হন। তারা ২৭ লাখ টাকার খাদ্য সরবরাহের ওই কাজের অনুমতি পত্রও স্বাক্ষর করিয়ে নেন। এ ব্যাপারে কাউন্সিলর মোস্তারুল ইসলাম সাংবাদিকদের বলেন, "আমি চিত্তরঞ্জন সাহাসহ তিনজনের নামে দরপত্র দাখিল করেছিলাম। সর্বনিম্ন দরদাতা হিসেবে কাজটি আমারই পাওয়ার কথা। "কিন্তু প্রশাসন দীর্ঘ দিন বিলম্ব করেও কাজ দিচ্ছিল না। তাই সেদিন আমি সিভিল সার্জনকে শুধু বাড়াবাড়ি না করার কথা বলেছি। আমি জোর করে কাজ নেয়নি। তাঁকে আমি হত্যার হুমকিও দিইনি।" চিত্তরঞ্জন সাহা বলেন, "আমি নিজে দরপত্র দাখিল করেছিলাম। কাজ পাওয়ার জন্য কখনোই সিভিল সার্জন অফিসে যায়নি বা কাউকে কাজ পাইয়ে দেওয়ার জন্য নিয়োজিত করিনি। আমি জোর করে কাজ করতে চাই না। কেউ আমার হয়ে সিভিল সার্জনকে হুমকি দিয়েছে কি না তা আমার জানা নাই।" দরপত্রে অস্বাভাকি কম দর উল্লেখ করার কথা জানতে চাইলে তিনি বলেন, "হয়তো তাড়াহুড়ো করে ভূল দর দিয়ে ফেলেছি। কাজ দিলে মূল্য যাই থাকুক সঠিক পথ্য সরবরাহ করবো।" দরপত্র কমিটির সদস্য নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল ইসলাম বলেন, ৫ জন ঠিকাদার কাজ পাওয়ার জন্য দরপত্র দাখিল করেছেন। তাদের তিন জনের দরপত্রে ১০ থেকে ১৫টি পণ্যের দাম অস্বাভাবিক কম উল্লেখ করা হয়েছে। যা বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তিনি বলেন, "সার্বিক পর্যালোচনায় রকিবুল ইসলাম নামের অপর একজন ঠিকাদারকে মনোনীত করি। যদিও ডা. আব্দুল গণি তাতে ভীষণ রাগারাগি করেছেন। পরের ঘটনার (১১ অক্টোবর) সময় আমি ছিলাম না। "শুনেছি সিভিল সার্জনকে হুমকি দিয়ে স্বাক্ষর করিয়ে কার্যাদেশ নিয়েছে। এ ব্যাপারে এখন সিভিল সার্জন সিদ্ধান্ত নিবেন।" সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. আব্দুল গণি তার বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বীকার করে বলেন, "আমি ওই কমিটির সদস্য হিসেবে শুধু সর্বনিম্ন দরদাতা হিসেবে কাউন্সিলরদের কাজ দেওয়ার জন্য সুপারিশ করেছি। খারাপ আচরণ করিনি।" সিভিল সার্জন ডা. আব্দুল বাতেন বলেন, "আবাসিক চিকিৎসক ডা. আব্দুল গণি সন্ত্রাসীদের দিয়ে আমাকে মৃত্যুর ভয় দেখিয়ে কার্যাদেশ দিতে বাধ্য করেছেন। আমি চরমভাবে অপমানিত বোধ করছি। এখানে আমার চাকরি করা হবে না।" "আমি নিরাপত্তাহীনতার কথা পুলিশ প্রশাসনকে জিডি আকারে জানিয়েছি", বলেন তিনি। দরপত্র বাতিল করা হবে কি না জানতে চাইলে সিভিল সার্জন বলেন, ওই কাজের রেজুলেশনে এখনো জেলা প্রশাসক ও পুলিশ সুপারিনটেনডেন্টের প্রতিনিধিরা স্বাক্ষর করেননি। তাই সেটা বাতিলের সুযোগ রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২২০৪ ঘ.