ঢাকা, অক্টোবর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরাজগঞ্জের ঘটনাটিকে দুর্ঘটনা মনে করলেও এতে হতাহতের জন্য বিএনপির 'দায়িত্বহীনতাকে' দায়ী করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।
দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে বলেছেন, অনুমতি না নিয়ে রেললাইন ঘেঁষে জনসভা করার কারণেই এ দুর্ঘটনা ঘটেছে। সিরাজগঞ্জের দুর্ঘটনা নিয়ে স্থানীয় বিএনপি নেতাদের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।
সিরাজগঞ্জের সয়দাবাদে সোমবার খালেদা জিয়ার সমাবেশস্থলের কাছে ট্রেনে কাটা পড়ে অন্তত পাঁচজন নিহত হয়। এরপর বিএনপি নেতা-কর্মীরা ট্রেনে আগুন ধরিয়ে দেয়।
বিএনপি চেয়ারপারসন খালেদার দাবি, এটা দুর্ঘটনা নয়, সরকার পরিকল্পিতভাবে তার দলীয় কর্মীদের ওপর ট্রেন উঠিয়ে দিয়েছে।
খালেদার এ অভিযোগের প্রতিক্রিয়ায় হানিফ বলেন, "তার এ বক্তব্যে আমি লজ্জিত হয়েছি। তিনি দু'বারের প্রধানমন্ত্রী। তার জানা উচিৎ, রেল কীভাবে চলে।"
দুর্ঘটনার বিষয়ে চারটি প্রশ্ন তুলে হানিফ বলেন, "প্রথমত, রেললাইনের পাশে কেন খালেদা জিয়ার মতো জাতীয় নেতার সমাবেশ আয়োজন করা হলো? দ্বিতীয়ত, ট্রেনের হুইসেল শোনার পরও যারা লাইনের ওপর ছিলেন, তারা লাইন ছাড়লেন না কেন? তৃতীয়ত, বিএনপি নেতারা কেন মাইকে লাইন ছাড়ার আহ্বান জানালেন না? চতুর্থত, তারা কেন জনসভার আগে স্থানীয় কর্তৃৃপক্ষের অনুমতি নেননি?"
সিরাজগঞ্জের ঘটনা তদন্তে গঠিত কমিটি রাজনৈতিক প্রভাবমুক্ত থাকবে বলে জানান তিনি। তিনি মনে করছেন, এতে অবৈধভাবে রেল লাইনের ওপর জনসভা করার পেছনে কারা দায়ী তাও উদ্ঘাটন হবে।
আওয়ামী লীগ দুর্ঘটনায় নিহতদের প্রতি শোক এবং তাদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে।
খালেদা জিয়ার বক্তব্যে ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করে হানিফ বলেন, "তিনি বর্তমান নির্বাচিত সরকারকে উৎখাতের আহ্বান জানিয়ে দেশকে অসাংবিধানিক পথে ঠেলে দেওয়ার জন্য প্রজাতন্ত্রের কর্মকর্তাদের পর্যন্ত গুরুতর উস্কানি দিয়েছেন।"
বিরোধী দল ইস্যু খুঁজছে দাবি করে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, "বস্তুত বিএনপি রক্তপিপাসু নেকড়ের মতো সুযোগের অপেক্ষায় ওঁৎ পেতে ছিলো। নাটোরের বড়াইগ্রামের দুঃখজনক ঘটনাটিকে এখন তারা সেই সুযোগ হিসেবে ব্যবহার করার জন্য মরিয়া হয়ে উঠেছে।"
গত শুক্রবার বড়াইগ্রাম উপজেলা চেয়ারম্যান ও বিএনপি নেতা সানাউল্লাহ নূর বাবুকে হত্যা করা হয়। আওয়ামী লীগ নেতা-কর্মীদের হামলায় তিনি নিহত হন বলে অভিযোগ রয়েছে।
বড়াইগ্রামের অনভিপ্রেত উল্লেখ করে হানিফ বলেন, "বড়াইগ্রামের ঘটনার সুষ্ঠু তদন্ত এবং প্রকৃত অপরাধীকে অবশ্যই আইনের হাতে সোপর্দ করা হবে। প্রধানমন্ত্রী ইতোমধ্যে ভিডিওফুটেজ দেখে অপরাধীদের শনাক্ত করে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন। আমরা নিশ্চয়তা দিচ্ছি, প্রকৃত অপরাধীদের দেশের আইন অনুযায়ী বিচার ও শাস্তির ব্যবস্থা করা হবে।"
এ প্রসঙ্গে ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোট ক্ষমতায় থাকা অবস্থায় আওয়ামী লীগ নেতা মমতাজউদ্দিন হত্যা, ১৯৮৭ সালে নাটোরের আব্দুল
bdnews24